আন্তর্জাতিক ডেস্ক : চীনে আবারো ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন এক ভ্যারিয়েন্ট, এতে করে উদ্বেগ দেখা দিয়েছে দেশটিতে।
‘এক্সবিবি’ নামক করোনার এই নতুন ধরনটি জুনের শেষ দিকে ব্যাপক সংক্রমণ ঘটাতে পারে, ফলে সপ্তাহে সাড়ে ছয় কোটির বেশি মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, চীনে ‘জিরো কোভিড নীতি’ প্রত্যাহারের পর থেকে করোনার নতুন এই ধরন মানুষের মধ্যে তৈরি হওয়া ইমিউনিটি দুর্বল করে দিচ্ছে। এতে করে দেশটিতে করোনার নতুন ঢেউ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
স্বাস্থ্যবিদরা আশঙ্কা করছেন এক্সবিবির সংক্রমণে এই মাসের শেষ নাগাদ দেশটিতে সপ্তাহে ৪ কোটি সংক্রমণ ছাড়িয়ে যেতে পারে। আর জুনের শেষে সংক্রমণ সপ্তাহে সাড়ে ছয় কোটিতে পৌঁছাতে পারে।
গুয়াংজুতে বায়োটেক ফোরামে বক্তৃতায় চীনের একজন শীর্ষ মহামারী বিশেষজ্ঞ ঝং নানসেন জানান, নতুন এই ধরন এক্সবিবি প্রতিরোধে ইতিমধ্যে দুটি নতুন ভ্যাকসিন প্রাথমিক অনুমোদন পেয়েছে। শীঘ্রই আরও তিন থেকে চারটি ভ্যাকসিন অনুমোদিত হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
গত ডিসেম্বরে বিধিনিষেধ তুলে নেওয়ার পর চীনের প্রায় ৮৫ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। আশঙ্কা করা হচ্ছে এ বছর জুনে আবারও তীব্র সংক্রমণ দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ঠেকাতে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ এন্টি ভাইরাল ওষুধ রাখতে হবে।
কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/বিকাল ৫:২৭