স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে টেস্ট মানেই ফিরে যাওয়া ২০১৯ সালে। সেবার দলটির বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে নেমে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ। ওই টেস্ট হার আফগানদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার দশক আগে টেস্ট জার্সি গায়ে জড়ানো বাংলাদেশের জন্য বেশ লজ্জার ছিল।
আফগানিস্তানের বিপক্ষে আরেকটি টেস্ট সামনে রেখে ওই লজ্জার ভয় বারবার ফিরে আসছে। তবে বর্তমান টেস্ট দলের সদস্য নাজমুল হোসেন শান্ত সেসব গায়ে মাখছেন না। ২০১৯ ভুলে নতুন টেস্টে নতুন চিন্তায় নামতে চান তিনি।
আফগানিস্তানের বিপক্ষে আগের টেস্টের একাদশে শান্ত ছিলেন না। ওই সময়ে টপ অর্ডারে খেলেছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার ও লিটন দাশ। শুরুর দুজন এখন আর টেস্ট দলে নেই। এখন শান্ত বাংলাদেশ দলের টপ অর্ডারের অটোমেটিক চয়েজ। তার কাছে নতুন টেস্ট শুরুর আগে অতীত নিয়ে ভাবনাটা ভিত্তিহীন।
আজ (বুধবার) মিরপুরে শান্ত বলছিলেন, ‘২০১৯ সালে কি হয়েছিল সেটা চিন্তা করে লাভ নেই। আগে কি হয়েছে তা ভাবলে তো পিছিয়ে যাব। আমরা এখন অন্য রকম দল, অন্যরকম মানসিকতায় আছি। সেই ভিন্ন চিন্তা নিয়েই সামনের টেস্টে আফগানিস্তানের বিপক্ষে নামব। অতীত নিয়ে ভাবলে তো চলবে না।’
পাশাপাশি টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের না থাকাটাও শান্তর কাছে বিরাট ক্ষতি। এই ব্যাটারের বিশ্বাস সাকিবের বদলে যেই সুযোগ পাবেন সে যোগ্য হিসেবেই তার পারফরম করবে, ‘সাকিব ভাই না থাকাটা সত্যিই আমাদের জন্য হতাশার। একজন বড় ক্রিকেটারকে আমরা পাচ্ছি না। তবে এটা ঠিক আমাদের দলে এখন ব্যাকআপ ক্রিকেটাররাও যোগ্য। তার বদলে যেই দলে জায়গা পাবে অবশ্যই সে ভাল করবে। সব মিলিয়ে আমরা ভালো শেপে আছি। এবার অবশ্যই ভালো কিছু হবে।’
কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৩,/বিকাল ৪:০৯