স্পোর্টস ডেস্ক : এমনিতেই দল হেরেছে, তার ওপর প্রতিপক্ষ ওপেনারের সেঞ্চুরি আটকানোর চেষ্টা করে ব্যাপক সমালোচিত হচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুযশ শর্মা। গতকাল বৃহস্পতিবার ইডেন গার্ডেনে কলকাতার দেওয়া ১৫০ রানের টার্গেট তাড়া করে জিতেছে রাজস্থান রয়্যালস। ওপেনার জয়সওয়াল খেলেন ৪৭ বলে ৯৮* রানের অপরাজিত ইনিংস। অনেকের মতে, জয়সওয়াল সেঞ্চুরিটা পেতেও পারতেন।
রাজস্থানের ইনিংসের ১৩তম ওভারে বল করছিলেন সুযশ। তখন জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল মাত্র ১০ রানের। সুযশের ওভারটি থেকে আসে ৭ রান। যশস্বী অপরাজিত ৯৪* রানে। সঞ্জু স্যামসনকে করা ওভারের শেষ বলটি ইচ্ছাকৃতভাবে ওয়াইড করতে চেয়েছিলেন সুযশ। কিন্তু সঞ্জুর বুদ্ধির কারণে সেটি ওয়াইড হয়নি এবং কোনো রানও আসেনি। এরপর যশস্বীর দিকে তাকিয়ে দুই হাত তুলে ছক্কা মারার ইঙ্গিত দেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
যশস্বী একটি ছক্কা মারলেই সেঞ্চুরি করতে পারতেন। কিন্তু সুযশ ইচ্ছাকৃতভাবে ওয়াইড বল করে সেই সেঞ্চুরি আটকাতে চেয়েছেন বলে মনে করেন আকাশ চোপড়া। তিনি টুইটারে লিখেছেন, ‘যশস্বীকে সেঞ্চুরি করতে না দেওয়ার চেষ্টা! এ কারণেই ওয়াইড বল! খুবই খারাপ মানসিকতা বলে আমার মনে হয়।’ পরে আরও একটি টুইটে তিনি লেখেন, ‘ভাবুন এই একই কাজ বিরাট কোহলির বিপক্ষে পাকিস্তানের কোনো বোলার করেছেন; এখন যারা সুযশের পাশে দাঁড়াচ্ছেন, তারাই তখন সেই বোলারকে ট্রোল করবেন!’
কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/বিকাল ৫:০০