আন্তর্জাতিক ডেস্ক : গ্রেফতার এড়াতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেয়াল টপকে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে ছিলেন বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
সম্প্রতি ইসলামাবাদ পুলিশ লাহোরে ইমরানের বাড়িতে গিয়ে তাকে না পাওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এমন কথা বলেন। খবর এনডিটিভির।
সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলন রানা সানাউল্লাহ বলেন, যারা (পুলিশ) খানকে (ইমরান) গ্রেফতার করতে গিয়েছিল, তাদের অনেক নাটকীয়তার মুখোমুখি হতে হয়েছে। গুঞ্জন উঠেছে, তিনি লাফিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে গিয়েছিলেন। এরপর তিনি কোথা থেকে বের হয়ে এসে বিশাল বক্তৃতা দিয়ে দিলেন!
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, পুলিশ যদি ইমরান খানকে গ্রেফতারও করতে চাইত, তাহলেও তার পালিয়ে যাওয়াটা যথাযথ কৌশল হতে পারে না। ইমরান খানকে একজন নির্লজ্জ ব্যক্তি বলেও মন্তব্য করেন তিনি।
রানা সানাউল্লাহ আরও বলেন, আদালত যদি ইমরান খানকে মামলা থেকে নিষ্কৃতি দিয়ে দেন, তবে আমরা তা মেনে নেব। তাকে গ্রেফতারের কোনো ইচ্ছা সরকারের নেই। তবে আদালতের সামনে তার হাজির হওয়া উচিত।
ইমরান খানের বিরুদ্ধে গত সপ্তাহে একটি মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ওই মামলায় বলা হয়, তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশের নেতাদের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেগুলোর কথা তিনি সঠিকভাবে জানাননি।
ইসলামাবাদ পুলিশ রোববার তাদের পাঞ্জাব পুলিশের সহযোগীদের নিয়ে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে যায়।
ইমরান খানের বাসভবনে পুলিশ পৌঁছলে তার চিফ অফ স্টাফ সিনেটর শিবলি ফারাজ পিটিআই প্রধানের গ্রেপ্তারের পরোয়ানা গ্রহণ করেন। এ সময় তিনি পুলিশকে জানান যে, সাবেক প্রধানমন্ত্রী তার জামান পার্কের বাসভবনে নেই। তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৩