স্পোর্টস ডেস্ক : গতরাতে সেল্টা ভিগোকে ৪-১ গোলে হারানোর ম্যাচের পর লুকা মদ্রিচকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করা মদ্রিচকে ‘অমর’ বলে আখ্যায়িত করেছেন ইতালিয়ান এই কোচ। বলতে গেলে সেল্টা ভিগো হেরে গেছে লুকা মদ্রিচের কাছে। ম্যাচে দর্শনীয় এক গোলের পাশাপাশি করেছেন দারুণ এক অ্যাসিট।
৪২ মিনিটে দেখা মিলে লুকা মদ্রিচের দর্শনীয় গোল। বক্সের বাইরে থেকে ডান পায়ের মাপা শটে পোস্টের উপরের দিকে জাল খুঁজে নেন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে করা ৩২ গোলের মধ্যে ১৮টি গোলই করেছেন বক্সের বাইরে থেকে। এতেই বোঝা যায় এমন গোল করতেই বেশি পছন্দ করে এই মিডফিল্ডার।
৫৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে দিয়ে করান আরেকটি গোল। নিজেদের অর্ধ থেকে লুকা মদ্রিচের থ্রু পাস ধরে অফ সাইড ফাদ ভেঙে আগুয়ান গোলকিপারকে ফাকি দিয়ে বাম দিকে একটু সরে গিয়ে জায়গা তৈরি করে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়ুস। ম্যাচে শেষে মদ্রিচকে নিয়ে প্রশংসা ঝরেছে আনচেলত্তির কন্ঠে। ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘সে অমর। সে সবসময় প্রস্তুত থাকে ভাল খেলার জন্য। তার গোলেই ম্যাচের চিত্র পরিবর্তন হয়েছে। সেল্টা আমাদের চাপ দিয়েছে কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা উন্নতি করেছি। ‘
কাসেমিরোর বিদায় পরবর্তী ম্যাচে দুর্দান্ত জয় পেল রিয়াল মাদ্রিদ। তার জায়গায় খেলতে নেমে দক্ষতার প্রমাণ রেখেছেন অঁরেলিও চোয়ামেনি। ম্যাচ জুড়েই প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করে আস্থার প্রতিদান দিয়েছেন। চোয়ামেনির পারফরম্যান্সে খুশি আনচেলত্তি। তিনি বলেছেন, ‘কাসেমিরো থেকে সে অন্য কোয়ালিটির কিন্তু আজ (গতরাতের ম্যাচে) সে ভাল খেলেছে। অনুশীলনে যা করে সেটাই প্রদর্শন করেছে। মদ্রিচ ও কামাভিঙ্গার সঙ্গে ভাল ডিফেন্স করেছে। ‘
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫