স্পোর্টস ডেস্ক : হিল ডিকসন স্টেডিয়ামের বড় স্ক্রিনে নিজের গোল করার দৃশ্য দেখছিলেন জেরেমি ফ্রিমপং। কিন্তু তার চোখেমুখে কোনো উচ্ছ্বাস নেই, তাতে অনুশোচনার ছাপ স্পষ্ট। নিজ দলের সর্বনাশ করেছেন তিনি।
রোববার বিকালের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন ফ্রিমপং ও ভার্জিল ফন ডাইক। তাদের নিয়ে লিভারপুল দুর্দান্ত শুরু করে। ফ্লোরিয়ান উইর্টজের কাছ থেকে আলগা বল পেয়ে ডমিনিক সোবোসলাই জোরালো শট নেন। ডাইভ দেওয়া গোলকিপার জর্ডান পিকফোর্ডকে কোনো সুযোগ না দিয়ে পাঁচ মিনিটে লিভারপুল এগিয়ে যায়।
এভারটন শুরুতে ধাক্কা খায়। তবে ডেভিড ময়েসের দল চ্যালেঞ্জ করা ছাড়েনি। তারা তাদের প্রচেষ্টার ফল পায় ২৫ মিনিটে। কিয়েরনান ডুসবুরি-হালের ফ্রি কিক সামলানো খুবই কঠিন হয়ে পড়েছিল ফ্রিমপংয়ের জন্য। অনিচ্ছাকৃতভাবে তিনি নিজের গোলকিপার পরাস্ত করেন। ওই গোলের পর হিল ডিকসন স্টেডিয়ামের স্বাগতিক দর্শকদের মনে আশা জাগে, এভারটন ফল বের করে আনবে।
কয়েকটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। বিশেষ করে ডুসবুরি-হালের মাধ্যমে কয়েকবার সুযোগ পেয়ে নষ্ট করে তারা। সবচেয়ে বড় সুযোগ পেয়েছিলেন ফন ডাইক। নেদারল্যান্ডস তারকা পেনাল্টি অঞ্চলে প্রথমবার বল পেলেও তার শট রুখে দেয় এভারটনের রক্ষণভাগ।
শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া ছিল লিভারপুল। প্রতিপক্ষের অর্ধে চাপ তৈরি করতে থাকে তারা। কিন্তু পরিষ্কার সুযোগ খুব কমই পেয়েছে। দুই দলের কেউই জয়সূচক গোলের দেখা পায়নি। তাতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। পয়েন্ট হারালেও লিভারপুল আগের মতো চারেই আছে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে দুই ও তিনে থাকা ব্রাইটন ও ম্যানসিটিরও সমান ২২ পয়েন্ট। এভারটন আছে অষ্টম স্থানে।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:৫৮