ডেস্ক নিউজ : তীব্র বিক্রির চাপে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর সপ্তাহের শেষ দিকে স্বর্ণ ও রূপার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তবে এই সাময়িক পুনরুদ্ধার ২০২৬ সালের বড় ধরনের লোকসান কাটিয়ে উঠতে খুব একটা কার্যকর হয়নি। বিশেষ করে শক্তিশালী মার্কিন ডলার, সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এবং বিশ্ববাজারের অস্থিরতার কারণে স্বর্ণের তুলনায় রূপার দাম অনেক কমেছে।
ভারতীয় বিনিয়োগকারীদের জন্য এই দরপতন আরও তীব্র হয়েছে, কারণ মুদ্রার বিনিময় হারের পরিবর্তন এতে বাড়তি চাপ সৃষ্টি করেছে। কেডিয়া অ্যাডভাইজরি-র তথ্য অনুযায়ী, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) রূপার দাম জানুয়ারির সর্বোচ্চ ৪,২০,০৪৮ (প্রতি কেজি)ভারতীয় রুপি থেকে কমে ২৭ নভেম্বর ১,৫১,৫০৩ রুপিতে দাঁড়িয়েছে, যা প্রায় ৬৪ শতাংশ পতন। একই সময়ে এমসিএক্স স্বর্ণের দাম ১,৮০,৭৭৯ রুপি(প্রতি ১০ গ্রাম) থেকে ৩১ শতাংশ কমে ১,২৪,৩০৯-রুপিতে নেমে এসেছে।
ডলারের হিসাবে এই পার্থক্য আরও বেশি। কেডিয়া অ্যাডভাইজরি-র বিশ্লেষণে দেখা গেছে, জানুয়ারির সর্বোচ্চ অবস্থান থেকে রূপার দাম প্রায় ৬৭ শতাংশ কমেছে, যেখানে স্বর্ণের পতন হয়েছে ৩১ শতাংশ।
রূপার সাম্প্রতিক দরপতনে অস্বাভাবিক অস্থিরতা এবং ব্যাপক বিক্রির প্রবণতা লক্ষ্য করা গেছে। কেডিয়া অ্যাডভাইজরি-র গত ৩০টি ট্রেডিং সেশনের বিশ্লেষণে দেখা যায়, এমসিএক্স রূপার দাম ২,১১,৪৮৫ রুপি থেকে ৩৩ শতাংশ কমে সর্বনিম্ন ১,৩৬,৭১২ রুপিতে নেমেছিল। এই পতনের সময় লেনদেনের পরিমাণও (ভলিউম) ব্যাপকভাবে বেড়ে যায়; চূড়ান্ত পতনের দিন লেনদেনের পরিমাণ ছিল ২৮,৮১০ লট, যা ৩০ সেশনের গড় লেনদেনের (প্রায় ১৩,০০০ লট) দ্বিগুণেরও বেশি।
মূল্যবান ধাতু এবং শিল্পজাত ধাতু—এই দ্বৈত ভূমিকার কারণে স্বর্ণের তুলনায় রূপার বাজারে অস্থিরতা বেশি। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পখাতে চাহিদার উদ্বেগ রূপার দরপতনকে ত্বরান্বিত করে। অন্যদিকে, মার্কিন মুদ্রানীতি কঠোর হওয়ার আশঙ্কায় স্বর্ণও চাপের মুখে পড়েছে। প্রত্যাশার চেয়ে শক্তিশালী মুদ্রাস্ফীতির তথ্য এবং মার্কিন জিডিপি প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী সংশোধনের ফলে ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় ধরে সুদের হার বেশি রাখতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
শক্তিশালী ডলার এবং ফেডের সিদ্ধান্তই মূল বাধা
কেডিয়া অ্যাডভাইজরি-র মতে, ইউএস ডলার ইনডেক্স ১০৩.৭-এ অবস্থান করছে, যা বছরের শুরু থেকে এ পর্যন্ত ৫.৬ শতাংশ বেশি। শক্তিশালী ডলারের কারণে বিদেশি ক্রেতাদের জন্য ডলার-ভিত্তিক স্বর্ণ ও রূপা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, যা চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
তবে মার্কিন বন্ড ইল্ড সাম্প্রতিক সর্বোচ্চ পর্যায় থেকে কিছুটা কমেছে। ১০ বছর মেয়াদি ইউএস ট্রেজারি ইল্ড অক্টোবরের সর্বোচ্চ ৫.২৮ শতাংশ থেকে ৩৭ বেসিস পয়েন্ট কমে ৪.৯১ শতাংশতে দাঁড়িয়েছে। ইল্ড কমলে স্বর্ণ ও রূপার মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় (অপরচুনিটি কস্ট) হ্রাস পায়। এছাড়া অপরিশোধিত জ্বালানি তেলের দামও কমেছে।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৪