শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বাংলাদেশের ক্ষতি, সুবিধা পাচ্ছে ভারত হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের হাসিনার মৃত্যু-সুস্থতা নিয়ে গুঞ্জনের কারণ কী? ট্রায়নের ঝড়ে মেলবোর্ন ডার্বি জিতল রেনেগেডস আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিকাণ্ড অনিয়ম-দুর্নীতি মধ্য দিয়ে অবসর কর্মচারি দ্শরীয়তপুর ডিসি অফিস রাঙামাটির রাজস্থলীতে সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার সাভারে ছাত্রদল নেতার যুবলীগ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না॥—অধ্যাপক আনু মুহাম্মদ ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত॥

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বাংলাদেশের ক্ষতি, সুবিধা পাচ্ছে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দেশের তৈরি পোশাক খাত থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো। জারা, এইচঅ্যান্ডএমসহ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর এসব ক্রয়াদেশের বড় অংশ যাচ্ছে প্রতিবেশী ভারতে। এ ছাড়া ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও বাড়ছে পোশাকের ক্রয়াদেশ।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। একই সঙ্গে উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এই শিল্পের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষে খাতটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদনে ৪০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।

ভারত পাচ্ছে সবচেয়ে বেশি ক্রয়াদেশ

গত বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সরকার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত চার দশকের মধ্যে এটিই সবচেয়ে কম হারে মজুরি বৃদ্ধির ঘটনা। যদিও শ্রমিকদের দাবি ছিল, মজুরি দ্বিগুণের বেশি বাড়াতে হবে। নতুন মজুরি ঘোষণার পরও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার এই মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে অভিহিত করেছেন।

শিল্প উদ্যোক্তাদের আশঙ্কা, মজুরি বাড়ায় ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের প্রতিযোগিতামূলক সুবিধা আরও কমে যাবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ডে বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো অনেক কম।

সরকারের গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিকনেতা বাবুল আখতার বলেন, শ্রমিক অসন্তোষকে অজুহাত হিসেবে দেখিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়া ঠিক নয়। রাজনৈতিক অস্থিতিশীলতা ও শ্রমিক অসন্তোষের বিষয়গুলো ক্রেতারা আগে থেকেই বিবেচনায় রাখেন। তাই এসব কারণ দেখিয়ে ক্রয়াদেশ স্থানান্তরের সিদ্ধান্ত কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে তিন কারখানামালিক জানান, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। এসব ক্রয়াদেশের বড় অংশ পেয়েছে ভারত।

জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। একইভাবে মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিওও মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বেড়েছে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, জ্বালানি, অন্যান্য পরিষেবা ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পোশাক উৎপাদনকারীরা বাড়তি চাপের মধ্যে রয়েছেন। একদিকে ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে। এর মধ্যে মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় আরও বেড়েছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান অবশ্য নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করেননি। তবে তিনি মনে করেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং আর্থিক ক্ষতি কমানো সম্ভব।

ভবিষ্যতের ক্রয়াদেশ হারানোর শঙ্কা

বাংলাদেশের পোশাকশিল্পের উদ্যোক্তাদের বড় উদ্বেগ এখন শুধু বর্তমান ক্রয়াদেশ হারানো নয়, বরং ভবিষ্যতের ব্যবসাও হাতছাড়া হওয়ার আশঙ্কা। আন্তর্জাতিক ক্রেতারা পোশাক উৎপাদনের জন্য বিকল্প দেশগুলোর সক্ষমতা নতুন করে যাচাই করছেন। এতে দীর্ঘমেয়াদে বাংলাদেশের বাজার হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।    

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতেও। জ্বালানির অভাবে উৎপাদন ব্যাহত হওয়ায় কিছু কারখানাকে বেশি খরচে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে।

মহিউদ্দিন চৌধুরী বলেন, বর্তমানে ক্রেতাদের কাছে পণ্যের দামের চেয়ে নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সময়মতো পণ্য পৌঁছানোর বিষয়টি নিশ্চিত না হলে কম দামে পণ্য উৎপাদনের সুবিধাও ক্রেতাদের কাছে গুরুত্ব হারায়।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশি সরবরাহকারীদের তুলনায় ভারত থেকে প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করা সম্ভব। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া এ ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সময় বাঁচাতে পারে। এসব প্রতিদ্বন্দ্বী দেশে সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ সম্পন্ন হয়। অথচ বাংলাদেশে একই প্রক্রিয়ায় প্রায় ১২০ দিন সময় লাগে।

উৎপাদন ব্যাহত হওয়ায় ঢাকার আশপাশের অনেক পোশাক কারখানায় ২০ থেকে ২৫ দিনের কাজ জমে আছে। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে কোনো কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করানো এবং বেশি খরচে আকাশপথে পণ্য পাঠানোর পরিকল্পনা করছে।

ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডে পোশাক সরবরাহকারী অ্যালপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, শ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলোতে নতুন ক্রয়াদেশ আসার পরিমাণ ইতোমধ্যে কমে গেছে।

তিনি জানান, ১ নভেম্বর থেকে তার অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। ক্রেতারা জানিয়েছেন, তাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প উৎপাদনব্যবস্থাও গড়ে তুলেছেন।

এদিকে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়াচ্ছে।

শিল্প উদ্যোক্তারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং কারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরীর আশঙ্কা, অস্থিরতার সময়ে যেসব ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও সেগুলো বাংলাদেশে ফিরে নাও আসতে পারে।

তিনি বলেন, সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প উৎপাদনকেন্দ্র রয়েছে। অস্থিরতা অব্যাহত থাকলে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit