অনিয়ম-দুর্নীতি মধ্য দিয়ে অবসর কর্মচারি দ্শরীয়তপুর ডিসি অফিস
খোরশেদ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি ।
Update Time :
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১০
Time View
খোরশেদ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি : নানা অনিয়ম আর দুর্নীতিতে জর্জিরিত হয়ে পড়েছে খোদ শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়। এছাড়াও অবসরপ্রাপ্ত কর্মচারীরাও ডিসি অফিসের বিভিন্ন শাখায় বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক কার্যালয়ে দুর্নীতির মধ্যে রয়েছে ভেন্ডার লাইসেন্সসহ বিভিন্ন বাণিজ্যিক লাইসেন্স সহজীকরণ ও প্রদানের ক্ষেত্রে স্থানীয় তহবিলে (এলআরফান্ড) মাত্রাতিরিক্ত টাকা নেয়া, রেকর্ডরুম থেকে পর্চা দেয়ার ক্ষেত্রে ঘুষ গ্রহণ, জেলা প্রশাসক কার্যালয়ের নীচতলার একাংশ স্টাম্প-ভেন্ডার অফিস ভাড়া দিয়ে একটি নির্ধারিত হারে এলআর ফান্ডে মাসিক টাকা আদায়, প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেয়ার নাম করে জুনিয়র বৃত্তিপরীক্ষা, এসএসসি, দাখিল, এইচএসসি, আলীম ও ভোকেশনালসহ অন্যান্য পরীক্ষায় প্রতি পরীক্ষার্থীর মাথাপিছু গণনা করে নির্ধারিত হারে এলআরফান্ডে টাকা নেয়া, বিভিন্ন মেলা, ইটভাটা, ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে এলআর ফান্ডে টাকা আদায় যেন নিয়মে পরিণত হয়েছে।
এভাবে জেলা প্রশাসকের এলআর ফান্ডে লাখ লাখ টাকা জমা হলেও কোন খাতে তা ব্যয় করা হচ্ছে তার কোন সঠিক হিসেব পাওয়া যায় নাই। খোঁজখবর নিয়ে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকটি পদে চাকুরি থেকে অবসর গ্রহণ করার পরও রহস্যজনক কারণে অর্ধডজন কর্মকর্তা-কর্মচারী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসকের কার্যালয় কাগজে-কলমে ‘ডিজিটাল ও স্মার্ট সেবা’র বুলি ছড়ানো হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। সরকারি নির্দেশনা অনুযায়ী পোর্টাল নিয়মিত হালনাগাদের নিয়ম থাকলেও এখানকার তথ্য বাতায়ন একপ্রকার অচল।
এমনকি বদলি হওয়া কর্মকর্তাদের তালিকাও হালনাগাদ করা হয় না, কাজ করে না জরুরি যোগাযোগের কল নম্বরও। ফলে অনলাইনে তথ্য খুঁজতে গিয়ে প্রতিদিন চরম বিভ্রান্তি আর ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয় লোকজন, সেবাগ্রহীতা ও ভুক্তভোগিরা অভিযোগ করেছেন, মিজ তাহসিনা বেগম শরীয়তপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকেই কার্যালয়ের বিভিণ্ন সেক্টরে অনিয়ম-দুনীর্তি বাসাবাধে। সেই সাথে মুখ থুবরে পড়েছে নানা উন্নয়নমূলক কর্মকান্ড। জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা, আইনশৃঙ্খলা কমিটি, শিক্ষা খাত, রাজস্ব দপ্তর এবং নারী উন্নয়নমূলক অধিদপ্তরগুলোতে জেঁকে বসেছে অনিয়ম ও দীর্ঘসূত্রতা।
অথচ জেলা প্রশাসক পদাধিকারবলে জেলার আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি, জেলা উন্নয়ন সমন্বয় কমিটি, জেলা রাজস্ব প্রশাসনসহ সরকারি প্রতিটি দপ্তর ও নারী উন্নয়ন সংস্থাগুলোর প্রধান অভিভাবক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুসন্ধানে জেলা প্রশাসনের লাইসেন্স শাখায় এক নজিরবিহীন দুর্নীতির চিত্র উঠে এসেছে। স্ট্যম্প ভেন্ডার অনুমোদনসহ বিভিন্ন বাণিজ্যিক অনুমোদন সহজীকরণ ও প্রদানের ক্ষেত্রে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভুক্তভোগীদের অভিযোগ, ভেন্ডার লাইসেন্সের জন্য যেখানে সরকার নির্ধারিত ফি মাত্র ৯৫০ টাকা, সেখানে জেলা প্রশাসকের এলআর ফান্ডের নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক সেবাকেন্দ্র মহাফেজখানা (রেকর্ড রুম) এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শামসুন্নাহার নামের এক রেকর্ড কিপার দীর্ঘদিন ধরে একই চেয়ারে রাজত্ব করছেন। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ছাড়া এখানে কোনো ফাইল নড়ে না। এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলায় অনেকে সেবা থেকে বঞ্চিত হয়েছে অনেক ভুক্তভোগী। ভুক্তভোগীরা বলেন, ডিসি স্যারের অফিসের কর্মচারীদের বিরুদ্ধে বললে পরে আর কোনোদিন এই অফিস থেকে সেবা পাবোনা, তাই মুখ খোলার সাহস পাই না।
চন্দ্রপুর এলাকার ইকবাল হোসেন অভিযোগ করেন, মহাফেজখানা থেকে একটি পর্চা সংগ্রহ করেন তিনি। সেই পর্চা অনুযায়ী তাদের মালিকানা ছিল। কয়েকদিন পরে আরেক লোক একই দাগ-খতিয়ানের পর্চা সংগ্রহ করে। সেখানে ইকবালদের নাম ও মালিকানা ছিল না। সেই বিষয়ে স্থানীয়ভাবে তাদের ব্যপক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। টেবিলে টেবিলে টাকা দিলে পর্চার ধরণও বদলে যায়। জাজিরার পালের চর গ্রামের মাহবুব আলম, ছয়গাঁও গ্রামের আবুল কালাম, বাবুল মাঝিসহ একাধিক ভুক্তভোগী জানায়, নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা না দিলে পর্চা বা খতিয়ান পাওয়া যায় না।
অভিযোগ অস্বীকার করে রেকর্ড কিপার শামসুন্নাহার বলেন, “এখানে কোনো অনিয়ম হয় না, ভুলত্রুটি থাকতে পারে”। এছাড়া জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া জমির মিউটেশন বা নামজারি, পর্চা কোন কিছুর ফাইল নড়ে না। দুর্নীতি দমন কমিশন (দুদক) মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও জেলা রাজস্ব প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান তদারকি, শুদ্ধি অভিযান বা দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণের নজীর দেখা যায়নি।
সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত ও প্রচারিত হলে ১১টি ইউনিয়নের তহশীলদারকে শাস্তিস্বরূপ শুধু বদলী করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক জানান, প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেয়ার নাম করে জেলা প্রশাসকের এলআর ফান্ডে জুনিয়র বৃত্তিপরীক্ষার প্রতি কেন্দ্র হতে পরীক্ষার্থী হিসেবে ৮/১০ হাজার টাকা করে জমা নেয়া হয়। এসএসসি, দাখিল, এইচএসসি, আলীম ও ভোকেশনালসহ অন্যান্য পরীক্ষায় প্রতিবছর পরীক্ষার্থী প্রতি ১৫ টাকা হারে বছরে লাখ লাখ টাকা এলআরফান্ডে আদায় করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য মতে, সেলিম মিয়া দীর্ঘ বছর প্রশাসনিক কর্মকর্তা পদে দায়িত্ব পালন করে চলতি বছরের ১১ মে অবসর গ্রহণ করেন। অবসরে যাওয়ার পরও সেলিম মিয়া নিয়মিত অফিস করছেন। আরএমও শাখায় উপ-প্রশাসনিক কর্মকর্তা পদে দীর্ঘদিন চাকুরি করে বহু আগেই অবসের গেছেন রফিকুল ইসলাম বাদল। কিন্তু তিনিও নিয়মিত অফিস করছেন। চাকুরির বয়স শেষ করে অবসরে গিয়েও উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মৃধা (সিএ, টু এডিএম) নিয়মিত অফিস করে যাচ্ছেন।
বিমল চন্দ্র মুখার্জী অফিস সহায়ক থেকে অফিস সহকারী পদে পদোন্নতি পেয়ে ২০২৫ সালের ২ আগস্ট অবসর গ্রহণ করেন। তিনিও অদ্যবদি ট্রেজারী শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অবসরে গিয়েও সেলিম কাজী নামে আরেক চতুর্থ শ্রেণির কর্মচারী ভূমি অফিসে প্রভাব খাটিয়ে দায়িত্বে রয়েছেন। এছাড়াও কয়েকটি ভূমি অফিসে জমির নামজারি, জমা খারিজ, খাজনা আদায়সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নিয়োগ বহির্ভূত বাহিরের লোকেরা। মোটকথা, অনেকটা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী নির্ভর হয়ে পড়েছে শরীয়তপুর জেলা প্রশাসনের কার্যালয়।
জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী পরিচয় গোপন রেখে ক্ষোভ প্রকাশ করে জানায়, অবসর কর্মকর্তা-কর্মচারীরা চেয়ার দখল করে রাখায় বর্তমানে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী তাদের ন্যায্য পদে বসতে পারছেন না। জানা গেছে, সরকারি চাকরি আইন-২০১৮ মোতাবেক এলপিআরে থাকা অবস্থায় চাকরিতে পুনরায় ফিরে আসার সুযোগ নেই। অবসের যাওয়া রফিকুল ইসলাম বাদল কেন নিয়মিত দায়িত্ব পালন করছেন সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এভাবেই অফিসে একটু সহযোগিতা করি মাত্র।
এছাড়া, জেলা প্রশাসকের তদারকিতে থাকা জেলা শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাবলিক পলীক্ষার ফলাফলে ধস নেমেছে। ২০২৬ সালের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশে পাসের হার যেখানে ৬২.২৫% এবং ঢাকা বোর্ডে ৭১.৬০%, সেখানে শরীয়তপুর সদর উপজেলায় এই হার নেমে এসেছে মাত্র ৪৬.২৫%-এ। আর এই নজিরবিহীন ধসের মূলে রয়েছে খোদ জেলা প্রশাসকের সরাসরি নিয়ন্ত্রণে ও সভাপতিত্বে থাকা প্রধান তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান।
জেলা প্রশাসক যে স্কুলের ভর্তি কমিটির সভাপতি, সেই ঐতিহ্যবাহী পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জনই ফেল করেছে; পাসের হার মাত্র ৪৮.০৭%। জেলা প্রশাসক কর্তৃক সরাসরি পরিচালিত কালেক্টরেট পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবস্থা আরও করুণ, সেখানে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জনই ফেল করেছে, পাসের হার মাত্র ৩৩.৩৩% এবং জিপিএ-৫ এর সংখ্যা শূন্য। শরীয়তপুর মহিলা দাখিল মাদরাসার ১১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই ফেল করেন।
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জেলার ২টি প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেও আলোচনায় রয়েছে। একইভাবে জেলা প্রশাসকের তদারকিতে থাকা জেলার নারী শিক্ষার প্রধান বিদ্যাপীঠ শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ সদরের প্রধান বিদ্যালয়গুলোর এমন ফল বিপর্যয়ে পুরো জেলার শিক্ষাখাতে স্থবিরতা স্পষ্ট হয়েছে। শরীয়তপুরের শিক্ষার এই নজিরবিহীন ভরাডুবি ও সদরের প্রধান স্কুলগুলোর নড়বড়ে দশা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা করেছেন শিক্ষার্থীদের অভিভাবিক ও শরীয়তপুর সুশীল সমাজ প্রতিনিধিরাও। তারা বলেন, “সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট পাবলিক স্কুলের মতো জেলার অন্যতম প্রধান প্রধান স্কুলগুলোর দায়িত্ব যখন জেলা প্রশাসকের হাতে থাকে, তখন এই ব্যর্থতার দায় প্রশাসন এড়াতে পারে না।
জেলা মানবাধিকার কমিশনের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, “সাবেক জেলা প্রশাসকের কলঙ্কের দাগ কাটিয়ে জেলাবাসী আইনি সুশাসন আশা করেছিল, কিন্তু বর্তমান জেলা প্রশাসকের ব্যর্থতায় তার কোনোটিই পূরণ হয়নি।
পরবর্তী সময়ে নতুন সরকারের উন্নয়নকামী ও নরম মনোভাবকে পুঁজি করে জেলা প্রশাসক নিজের অনৈতিক অবস্থানকে আরও শক্ত করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।” সচেতন মহলের মতে, মুখে স্মার্ট সেবার কথা বলা হলেও শরীয়তপুর জেলা প্রশাসনের এই গভীর অনিয়ম, শিক্ষা ও সামাজিক খাতের স্থবিরতা দূর করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর মনিটরিং ও দৃশ্যমান প্রশাসনিক সংস্কার এখন সময়ের দাবি।
এই সামগ্রিক অব্যবস্থাপনা, ঘুষ-দুর্নীতির বিষয় নিয়ে জানতে চাইলে জেলা প্রশাসক তাহসিনা বেগম সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকদের বলেন, “ওয়েবসাইট আপডেটের কাজ চলছে। অন্যান্য অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।