মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ছাব্বির শেখের বিরুদ্ধে থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সাকিবুল আহমেদ শুভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সাকিবুল আহমেদ শুভর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন ছাত্রদল নেতা ছাব্বির শেখ। বিষয়টি সামনে আসার পর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক মহলেও নানা আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থাকা ছাত্রদল নেতার এমন শুভেচ্ছা বার্তা কতটা সমীচীন? এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ। এ বিষয়ে ছাত্রদলের একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা ছাত্রদলের রাজনীতি করি। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের জন্মদিনে শুভেচ্ছা জানানো তো দূরের কথা, তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখাও উচিত নয়।
বিষয়টি আমরা দলীয় নেতাদের অবগত করেছি।’বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শাওন হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্তমানে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। স্থানীয় পর্যায়ে একে অপরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয় থাকতেই পারে। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একজন যুবলীগ নেতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো কোনোভাবেই সমীচীন হয়নি। এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করি।’
অভিযোগের বিষয়ে জানতে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ছাব্বির শেখের মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রশ্ন শুনেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহফুজ ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছাব্বিরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তার আচরণবিধির বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।’
উল্লেখ্য, সাকিবুল আহমেদ শুভ সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত। অন্যদিকে, মো. ছাব্বির শেখ বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৩৩