বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

নতুন অধ্যায়ে পা রাখলেন সাবেক কিউই ক্রিকেটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

স্পোর্টস ডেস্ক : অবসরের পর নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন ক্রিকেটার থেকে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এসএ-টুয়েন্টির ডারবানস সুপার জায়ান্টস (ডিএসজি)-এর প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।

সাবেক এই কিউই অধিনায়ক দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হলেন, যিনি ২০২৩ সালে লিগটির প্রথম আসর থেকেই দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উইলিয়ামসন আগামী আসরে দলটির দায়িত্ব পালন করবেন।

বুধবার এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, কেন উইলিয়ামসনকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে ডারবানস সুপার জায়ান্টস আনন্দিত। বিশ্ব ক্রিকেটের অন্যতম সম্মানিত এই নেতার জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। এর আগে খেলোয়াড় হিসেবে ডিএসজির প্রতিনিধিত্ব করা উইলিয়ামসন এবার নতুন ভূমিকায় ডারবানে ফিরে আসছেন। তিনি তার সঙ্গে নিয়ে আসছেন আন্তর্জাতিক ক্রিকেটের বিশাল অভিজ্ঞতা, কৌশলগত গভীর জ্ঞান এবং সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার প্রমাণিত সক্ষমতা।

উইলিয়ামসন ২০২৫ ও ২০২৬ মৌসুমে ডিএসজির হয়ে খেলেছেন এবং ১৫ ম্যাচে মোট ৩৪৩ রান করেছেন। আসন্ন মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজিটি তাকে খেলোয়াড় হিসেবে দলে রেখেছিল, তবে পরবর্তীতে তাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। এই প্রথম উইলিয়ামসন কোনো ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন।

ফ্র্যাঞ্চাইজিটি আরও জানায়, খেলোয়াড় থেকে প্রধান কোচ হিসেবে তার এই রূপান্তর দলটির জন্য একটি বড় সংযোজন। এটি তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে একটি শক্তিশালী ও ধারাবাহিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।

ডিএসজিতে উইলিয়ামসন কাজ করবেন ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি, ব্যাটিং কোচ রায়ান কুক, ফাস্ট বোলিং কোচ ভরত অরুণ, স্পিন বোলিং কোচ কার্ল ক্রো এবং ফিল্ডিং কোচ কুশেন কিশুনের সঙ্গে।

২০১০ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা উইলিয়ামসন চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তিনি ক্যারিয়ার শেষ করেন; ১১০টি টেস্ট ম্যাচে ৫৪.০৬ গড়ে তার সংগ্রহ ৯,৫১৫ রান।

তিনি ১৭৫টি ওয়ানডে ম্যাচে ৭,২৫৬ রান করেছেন, যা কিউই ক্রিকেটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ; এছাড়া ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেছেন ২,৫৭৫ রান, যা তার দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড ২০১৯ সালের পুরুষ ওয়ানডে বিশ্বকাপে রানার্স-আপ হয়েছিল এবং তিনি সেই টুর্নামেন্টে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছিলেন।

অধিনায়ক হিসেবে তার সবচেয়ে বড় সাফল্য আসে ২০২১ সালে, যখন তার নেতৃত্বে ‘ব্ল্যাক ক্যাপস’ সাউদাম্পটনে অনুষ্ঠিত উদ্বোধনী আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়লাভ করে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত জানুয়ারিতে, যখন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন।

এই নিয়োগের ফলে ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সাথে তার সম্পর্ক আরও সুদৃঢ় হলো। ২০২৫ সালের অক্টোবরে আইপিএল ২০২৬ মৌসুমের আগে উইলিয়ামসন লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এ কৌশলগত উপদেষ্টা (স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগ দেন। এছাড়া তিনি ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২৬,/সকাল ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit