বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম

আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন যে ১২ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের আগামী মৌসুমের নিলামে জায়গা পেতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের একাধিক পেসার, ব্যাটসম্যান ও অলরাউন্ডাররা। তবে এবার তালিকায় নাম দেননি মোস্তাফিজুর রহমান। নেই সাকিব আল হাসানের নামও। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের ১২ ক্রিকেটার হলেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ। 

তবে প্রাথমিক নিবন্ধন তালিকায় নাম থাকলেই চূড়ান্ত নিলামে থাকার নিশ্চয়তা নেই। এমনকি দল পাওয়ার বিষয়টিও নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর। এবারের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে গতবারের ঘটনার কারণে। ২০২৬ মৌসুমের নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। 

এ ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক প্রশ্নের মুখে পড়ে যায়। এর প্রভাব পড়ে বাংলাদেশের ক্রিকেটেও। নিরাপত্তার কারণ দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে যায়নি বাংলাদেশ দল। গতবারের ওই ঘটনার পর এবারও বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন রয়েছে। ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদের খেলতে দেওয়া হবে কি না, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো কোনো স্পষ্ট নির্দেশনা পায়নি। ফলে ১২ ক্রিকেটার নিবন্ধন করলেও তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ ক্রিকেটার। তাদের মধ্যে ৯৩৯ জন ভারতের এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার। নিলামে ৬৬ জন ক্রিকেটার কেনার সুযোগ পাবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য রয়েছে ২৫টি জায়গা।

তবে এই ১ হাজার ২২০ জনের সবাই চূড়ান্ত নিলামে থাকবেন না। ২৭ নভেম্বরের মধ্যে প্রাথমিক তালিকার বাইরে থাকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরপর ১ ডিসেম্বরের মধ্যে নিলামে রাখতে চাওয়া ক্রিকেটারদের নাম জমা দিতে হবে দলগুলোকে। সেই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা তৈরি হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit