বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

নিজের পদবির মালিকানা নিয়ে আইনি লড়াইয়ে হালান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

স্পোর্টস ডেস্ক : মাঠে গোল করে আলোচনায় থাকেন আর্লিং হালান্ড। তবে এবার তার লড়াই ফুটবল মাঠে নয়, নিজের পদবির বাণিজ্যিক মালিকানা নিয়ে। ‘হালান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করা একটি ক্রোয়েশীয় বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয় পেয়েছেন তিনি।

ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে নিজের নামের বাণিজ্যিক স্বত্ব নিশ্চিত করতে গিয়ে ২০২৩ সালে অপ্রত্যাশিত সমস্যায় পড়েন হালান্ড। জানতে পারেন, ক্রোয়েশিয়ার একটি বিদ্যুৎ কোম্পানি আগেই ‘হালান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করিয়ে রেখেছে। ফলে নিজের নামে বিভিন্ন পণ্য বাজারজাত করার পরিকল্পনায় বাধা তৈরি হয় তার।

হালান্ডের বাণিজ্যিক পরিকল্পনার তালিকায় রয়েছে স্পোর্টসওয়্যার, পুষ্টিবর্ধক সাপ্লিমেন্ট, এনার্জি ড্রিংকস, খেলনা, দই, অ্যালকোহলজাত পানীয় এবং নারীদের পোশাকসহ নানা ধরনের পণ্য। কিন্তু আগে থেকে নিবন্ধিত ট্রেডমার্কের কারণে এসব ক্ষেত্রে নিজের পদবি ব্যবহারের অধিকার নিয়ে জটিলতা তৈরি হয়।

বিদ্যুৎ কোম্পানিটির মালিক মিখাউ ভঁস দাবি করেন, ‘হালান্ড’ নামটি ইংরেজি ‘হাই অ্যাডভান্সড অ্যাক্টিভিটি ল্যান্ড’ শব্দগুচ্ছ থেকে এসেছে। তবে আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা তার এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের কাছে কোম্পানির নামের পেছনে দেওয়া যুক্তিটি বিশ্বাসযোগ্য মনে হয়নি।

অন্যদিকে, হালান্ডের আইনজীবীরা দাবি করেন, ভঁস যখন ট্রেডমার্কটি নিবন্ধন করেন, তখনই পোল্যান্ডে বেশ পরিচিত মুখ ছিলেন এই ফুটবলার। তাদের অভিযোগ, অসৎ উদ্দেশ্যেই হালান্ডের পদবি ব্যবহার করে ট্রেডমার্কটি নিবন্ধন করা হয়েছিল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে হালান্ডের পক্ষের যুক্তি গ্রহণ করা হয় এবং বিতর্কিত ট্রেডমার্কটি বাতিল হয়ে যায়।

নিজের নাম ও ভাবমূর্তির বাণিজ্যিক অধিকার রক্ষায় অবশ্য এটাই হালান্ডের প্রথম আইনি পদক্ষেপ নয়। ২০২৬ সালের শুরুর দিকেও নরওয়ের একটি বিমান সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন তার প্রতিনিধিরা। একটি বিজ্ঞাপন প্রচারণায় সংস্থাটি হালান্ডের পরিচিত পনিটেইল হেয়ারস্টাইল ব্যবহার করেছিল। দীর্ঘদিন ধরেই এই চুলের ধরন তার স্বতন্ত্র পরিচয়ের অংশ।

আন্তর্জাতিক ফুটবলে হালান্ডের জনপ্রিয়তা যত বাড়ছে, ততই তার নাম ও ব্যক্তিগত ইমেজের বাণিজ্যিক মূল্য বাড়ছে। তাই এসব সম্পদের ওপর নিজের অধিকার নিশ্চিত করাকে গুরুত্ব দিচ্ছেন তার প্রতিনিধিরা। মাঠে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলস্কোরার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি মাঠের বাইরেও ব্যক্তিগত ব্র্যান্ডকে আরও শক্তিশালী করতে চান ম্যানচেস্টার সিটির এই তারকা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit