বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার রাজধানী গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার গভীর রাতে শহরটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

হাসপাতাল সূত্র জানায়, তুফাহ এলাকায় একদল মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন। ২০২৫ সালের ১০ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে, বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও সাত ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। নিহতদের মধ্যে উত্তর গাজা গভর্নরেটের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ, তার স্ত্রী এবং তাদের দুই কিশোরী মেয়ে রয়েছেন।

বুধবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত আল-শাতি শরণার্থী শিবিরে তাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে একই পরিবারের চার সদস্য প্রাণ হারান।

এদিকে, গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল মোট ৬ হাজার ৪০৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত ১ হাজার ৬৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ হাজার ১২০ জন। এছাড়া, ২২৩ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উপত্যকাটিতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন।

যুদ্ধের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু বলে উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ধারাবাহিক হামলা ও প্রাণহানির ঘটনায় উপত্যকাটিতে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

তথ্যসূত্র : আনাদোলু

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২৬,/সকাল ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit