বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম

শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আমিরাত, বাংলাদেশ কোথায়?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাসপোর্টের শক্তি বিবেচনায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। কানাডাভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটালের বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট সূচকে এ চিত্র উঠে এসেছে। শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯১তম। দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।

সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টের মোবিলিটি স্কোর ৪৮। প্রকাশিত তথ্য অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ২০টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। ২৮টি দেশে রয়েছে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা। আর ১৫০টি দেশে যেতে আগাম ভিসা নিতে হয়। 

আর্টন ক্যাপিটালের ইন্ডিভিজুয়াল পাসপোর্ট পাওয়ার র‌্যাংক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সংযুক্ত আরব আমিরাতের। দেশটির মোবিলিটি স্কোর ১৮২। এ পাসপোর্টধারীরা ১৩৯টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন এবং ৪৩টি দেশে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পান। আর মাত্র ১৬টি দেশে যেতে আগাম ভিসা নিতে হয় দেশটির নাগরিকদের।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। দুই দেশের মোবিলিটি স্কোর ১৭৫। এর মধ্যে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ১৪০টি দেশে, অন-অ্যারাইভাল ভিসায় ৩৫টি দেশে যেতে পারেন। অন্যদিকে মালয়েশিয়ার পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ১২৯টি দেশে এবং অন-অ্যারাইভাল ভিসায় ৪৬টি দেশে যেতে পারেন।

এ ছাড়া বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, স্পেন, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, নরওয়ে, আয়ারল্যান্ড ও জাপান যৌথভাবে তালিকায় তৃতীয় স্থানে আছে। মূলত অনেকগুলো দেশ যৌথভাবে একই স্থানে থাকায় তালিকায় ৯৭ পর্যন্ত ক্রম রাখা হয়েছে। সেই ক্রমে বাংলাদেশের অবস্থান ৯১তম।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে এগিয়ে। এরপর রয়েছে ভারত, ভুটান, শ্রীলংকা ও নেপাল। বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। এ অঞ্চলের তালিকায় পাকিস্তান সপ্তম এবং আফগানিস্তান অষ্টম।

শক্তিশালী পাসপোর্টের তালিকায় মালদ্বীপ ৪৬তম অবস্থানে আছে। দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৬০টি এবং অন-অ্যারাইভাল ভিসায় ৪২টি দেশে যেতে পারে।

তালিকায় ৭১তম অবস্থানে থাকা ভারতের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৩১টি এবং অন-অ্যারাইভাল ভিসায় ৪০টি দেশে যেতে পারে।

৭৮তম অবস্থানে থাকা ভুটানের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ২১টি এবং অন-অ্যারাইভাল ভিসায় ৪১টি দেশে যেতে পারে।

তালিকায় ৮৭তম অবস্থানে আছে শ্রীলংকা। দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ১৯টি এবং অন-অ্যারাইভাল ভিসায় ৩৪টি দেশে যেতে পারে।

৮৮তম অবস্থানে থাকা নেপালের পাসপোর্টধারীরা বিনা ভিসায় ১৫টি এবং অন-অ্যারাইভাল ভিসায় ৩৭টি দেশে যেতে পারে।

বাংলাদেশি পাসপোর্টধারীরা ২০টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। ২৮টি দেশে রয়েছে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা। আর ১৫০টি দেশে যেতে আগাম ভিসা নিতে হয়।

এ ছাড়া পাকিস্তান ৯৪তম অবস্থানে আছে। দেশটির পাসপোর্টধারীরা বিনা ভিসায় ১৩টি এবং অন অ্যারাইভাল ভিসায় ৩০টি দেশে যেতে পারে।

তালিকায় সবার তলানিতে অর্থাৎ ৯৭তম অবস্থানে আছে আফগানিস্তান। দেশটির নাগরিকরা বিনা ভিসায় ৬টি এবং অন-অ্যারাইভাল ভিসায় ২৯টি দেশে যেতে পারে।

পাসপোর্টের শক্তি কীভাবে নির্ধারিত হয়?

পাসপোর্টের শক্তি বলতে মূলত একটি দেশের নাগরিকরা কত সহজে অন্য দেশে ভ্রমণ করতে পারেন, তা বোঝায়। এ ক্ষেত্রে ভিসামুক্ত প্রবেশের সুযোগ, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পাওয়া ই-ভিসার সুবিধা বিবেচনা করা হয়।

ভিসামুক্ত প্রবেশের অর্থ হলো, কোনো দেশে যাওয়ার আগে ভ্রমণকারীকে ভিসা নিতে হয় না। অন্যদিকে অন-অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে গন্তব্য দেশে পৌঁছানোর পর বিমানবন্দর বা নির্ধারিত প্রবেশপথে ভিসা নিতে হয়। ইটিএ হলো ভিসামুক্ত দেশের নাগরিকদের জন্য আগাম অনলাইন ভ্রমণ অনুমোদন। আর ই-ভিসা হলো অনলাইনে আবেদন করে পাওয়া ভিসা।

আর্টন ক্যাপিটালের হিসাবে, মোবিলিটি স্কোর হলো কোনো পাসপোর্ট দিয়ে কতটি গন্তব্যে তুলনামূলক সহজে যাওয়া যায়, তার পরিমাপ। ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইটিএ এবং তিন কর্মদিবসের মধ্যে ইস্যু করা নির্দিষ্ট ধরনের ই-ভিসা এ স্কোরে অন্তর্ভুক্ত হয়। স্কোর যত বেশি, পাসপোর্টধারীদের ভ্রমণের সুযোগও তত বেশি।

আর্টন ক্যাপিটাল ২০১৪ সালে পাসপোর্ট ইনডেক্স চালু করে। প্রতিষ্ঠানটি গ্লোবাল, ইন্ডিভিজুয়াল ও ওয়েলকামিং—তিন ধরনের র‌্যাংকিং প্রকাশ করে। গ্লোবাল র‌্যাংকিংয়ে মূলত মোবিলিটি স্কোর বিবেচনা করা হয়। ইন্ডিভিজুয়াল র‌্যাংকিংয়ে মোবিলিটি স্কোরের পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচকও (এইচডিআই) বিবেচনায় নেওয়া হয়। একই মোবিলিটি স্কোর থাকা দেশগুলোর অবস্থান তাই দুই ধরনের তালিকায় ভিন্ন হতে পারে। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit