বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম

নবীজির (সা.) রওজা জিয়ারতে নতুন নিয়ম, অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : মদিনার পবিত্র মসজিদে নববিতে পা রাখলেই প্রতিটি মুমিনের হৃদয় ব্যাকুল হয়ে ওঠে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ বা রিয়াজুল জান্নাহ এক নজর দেখার জন্য। জান্নাতের এই টুকরো বাগানে বসে দুটি সিজদা দেওয়ার স্বপ্ন লালন করেন বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান। জিয়ারতকারীদের এই আবেগকে সম্মান জানিয়ে এবং ভিড় সামলে নির্বিঘ্ন ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে রওজা শরিফ জিয়ারতের সময়সূচি ও প্রবেশের নিয়মে নতুন পরিবর্তন এনেছে সৌদি কর্তৃপক্ষ।

মসজিদে নববির পরিচালনা ও তত্ত্বাবধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্প্রতি এই নতুন নির্দেশনা জারি করেছে। এতে নারী ও পুরুষ জিয়ারতকারীদের জন্য আলাদা সময় নির্ধারণের পাশাপাশি ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহের প্রক্রিয়াটি আরও সুশৃঙ্খল করা হয়েছে।

পুরুষদের জিয়ারতের সময়সূচি

নতুন নিয়ম অনুযায়ী, সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুরুষ জিয়ারতকারীরা দুই দফায় রওজা শরিফে প্রবেশের সুযোগ পাবেন। প্রথম দফায় রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় সকাল ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত জিয়ারত করা যাবে। তবে পবিত্র জুমার দিন অর্থাৎ শুক্রবার এই সময়ে কিছুটা পরিবর্তন থাকবে। শুক্রবার পুরুষরা রাত ২টা থেকে ফজর পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশার নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারত করতে পারবেন।

নারীদের জিয়ারতের সময়সূচি

নারীদের নির্বিঘ্ন জিয়ারত নিশ্চিত করতে তাদের জন্যও পৃথক সময় বেঁধে দেওয়া হয়েছে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং রাতের বেলায় এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত রওজা শরিফে প্রবেশ করতে পারবেন। অন্যদিকে, শুক্রবার নারীদের জন্য ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

নুসুক অ্যাপে অনুমতি নেওয়া বাধ্যতামূলক

রওজা শরিফে প্রবেশের ক্ষেত্রে এখন থেকে ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে পূর্বানুমতি বা পারমিট সংগ্রহ করা বাধ্যতামূলক। কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী, একজন জিয়ারতকারী প্রতি ৩৬৫ দিনে বা বছরে কেবল একবারই এই অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন।

তাৎক্ষণিক প্রবেশ ও বিশেষ সুবিধা

যারা আগে থেকে পারমিট নিতে পারেননি কিন্তু মসজিদে নববির আশপাশেই অবস্থান করছেন, তাদের জন্যও একটি বিশেষ সুযোগ রাখা হয়েছে। অ্যাপের মাধ্যমে ভৌগোলিক অবস্থান (লোকেশন) যাচাই সাপেক্ষে তারা তাৎক্ষণিক প্রবেশের অনুমতি পেতে পারেন। তবে এই সুবিধার ক্ষেত্রেও বছরে একবার প্রবেশের নিয়মটি কঠোরভাবে প্রযোজ্য হবে।

এ ছাড়া প্রবীণ ও শারীরিকভাবে চলাচলে অক্ষম জিয়ারতকারীদের কষ্ট লাঘবে হুইলচেয়ার ব্যবহারের বিশেষ ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। তবে এই সেবা গ্রহণের ক্ষেত্রে মসজিদ প্রশাসনের নির্ধারিত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে। মদিনা জিয়ারতে যাওয়ার পরিকল্পনা থাকলে ভোগান্তি এড়াতে আগেভাগেই নুসুক অ্যাপে নিবন্ধন সেরে নেওয়া এবং নির্ধারিত সময়সূচি জেনে নেওয়া প্রতিটি জিয়ারতকারীর জন্যই জরুরি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit