বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সতর্কতা জারি নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে রাঙামাটিতে বিক্ষোভ, ১৯ নভেম্বর নিয়ে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের কৌশল বুঝেছিলেন মারুফুল, পারেননি ডুলি নবীজির (সা.) রওজা জিয়ারতে নতুন নিয়ম, অনুমতি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা যেসব আমলে জীবনে বরকত আসে নওগাঁয় নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, তদন্তে মিলল না যমজ সন্তানের প্রমাণ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে,দুর্গাপুরে বিএনপি‘র মিছিল আটোয়ারীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন। জাল নোট শনাক্তে জনসচেতনতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

নওগাঁয় নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, তদন্তে মিলল না যমজ সন্তানের প্রমাণ

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া রহস্যে নতুন মোড় এসেছে। জেলা সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, প্রসূতির গর্ভে যমজ সন্তান থাকার দাবির পক্ষে নির্ভরযোগ্য আল্ট্রাসনোগ্রাফিক প্রমাণ পাওয়া যায়নি। বরং সরবরাহ করা আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও সংযুক্ত ছবি পর্যালোচনা করে কমিটির কাছে প্রতীয়মান হয়েছে, গর্ভে একটি সন্তানই ছিল। ফলে একটি নবজাতক চুরির অভিযোগের ভিত্তি নিয়েই নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে নওগাঁ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. মো. শরীফ চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট চিকিৎসক, অপারেশন টিমের সদস্য, রোগীর স্বজন ও আল্ট্রাসনোলজিস্টদের বক্তব্য গ্রহণের পাশাপাশি বিভিন্ন আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও সংযুক্ত ছবি পর্যালোচনা করে কমিটি। গত শনিবার (১৪ নভেম্বর) জেলা সিভিল সার্জনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশনের আগে রোগী ও তার স্বজনদের যথাযথ কাউন্সেলিং করা প্রয়োজন ছিল। কিন্তু অপারেশনকারী সার্জন ও সংশ্লিষ্ট টিমের পক্ষ থেকে তা যথাযথভাবে করা হয়নি। বিশেষ করে আল্ট্রাসনোগ্রামের একাধিক রিপোর্টে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় বিষয়টি আরও সতর্কতার সঙ্গে ব্যাখ্যা করা উচিত ছিল। একটি রিপোর্টে গর্ভে একক সন্তান এবং অন্য দুটি রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ থাকলেও এ নিয়ে রোগী ও স্বজনদের প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আল্ট্রাসনোগ্রাফি শতভাগ নিশ্চিত কোনো পরীক্ষা নয়। গর্ভকাল বাড়ার সঙ্গে সঙ্গে গর্ভে একক নাকি একাধিক সন্তান রয়েছে, তা নির্ণয়ে ভুলের সম্ভাবনা তৈরি হতে পারে। গত ২১ অক্টোবরের একটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের কথা উল্লেখ করে একটির ওজন ২ কেজি ৩৩১ গ্রাম এবং অপরটির ওজন ২ কেজি ৪৮৬ গ্রাম দেখানো হয়েছিল। অথচ প্রসবের পর জন্ম নেওয়া নবজাতকের ওজন পাওয়া যায় ৩ কেজি ৭০০ গ্রাম, যা একটি শিশুর ওজন হিসেবে অস্বাভাবিক নয়। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট প্রদান রেজিস্টারেও যমজ সন্তানের কোনো তথ্য পাওয়া যায়নি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরবরাহ করা আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের সঙ্গে সংযুক্ত ছবিগুলো পর্যালোচনা করে কোনো ছবিতেই একই সঙ্গে দুটি শিশুর মাথা, হৃদপিণ্ড কিংবা পেটের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, যমজ সন্তান থাকার দাবিকে সমর্থন করার মতো প্রয়োজনীয় চিত্রগত প্রমাণ ছিল না। এ কারণে পরবর্তী দুটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ সন্তানের উল্লেখ ভুল হওয়ার বিষয়টি স্বাভাবিক বলে মনে করেছে তদন্ত কমিটি। এ বিষয়ে স্থানীয় অভিজ্ঞ বিশেষজ্ঞ আল্ট্রাসনোলজিস্ট ও রেডিওলজিস্ট ডা. এ.এস. রেজাউল মাহমুদও একই মত পোষণ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ৫ নভেম্বর। নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুলের মেয়ে প্রসূতি শান্তনা আক্তারকে সন্তান প্রসবের জন্য শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। ওইদিন বিকেল ৫টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মেয়ে নবজাতকের জন্ম হয়। তবে আগের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে গর্ভে যমজ সন্তানের কথা উল্লেখ থাকায় সন্তান প্রসবের পরই তৈরি হয় জটিলতা। স্বজনদের দাবি ছিল, গর্ভে এক ছেলে ও এক মেয়ে সন্তান থাকার কথা জানানো হয়েছিল। কিন্তু অপারেশনের পর তাদের হাতে তুলে দেওয়া হয় একটি মেয়ে নবজাতক।

এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও সন্দেহের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, যমজ সন্তান থাকার পরও একটি নবজাতক কোথায় গেল, তার সঠিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। একপর্যায়ে নবজাতকের বাবা শান্ত ইসলাম ন্যায়বিচারের দাবিতে নওগাঁ সদর থানায় মামলা করেন। এতে বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক, অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. ইসকেন্দার হোসেন ও অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুনসহ আটজনকে আসামি করা হয়।

এদিকে, এ ঘটনার সূত্র ধরে গত ১২ নভেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে ৭ থেকে ৮ দিন বয়সী এক ছেলে নবজাতকসহ মলিনা (৪০) নামে এক নারীকে আটক করে পুলিশ। ওই নারী দাবি করেন, তাঁরা শিশুটিকে দত্তক নিয়েছেন। তবে উদ্ধার হওয়া নবজাতকটি বলাকা ক্লিনিক থেকে কথিত নিখোঁজ হওয়া শিশুটি কি না, তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।

বগুড়ার আলবারাকা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. বিপুল জানান, গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে তার প্রতিষ্ঠানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে নবজাতকের জন্ম হয়। তবে শিশুটিকে দত্তক দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না। পরে বিষয়টি নিয়ে জটিলতার কথা শুনেছেন বলে জানান তিনি।

অন্যদিকে, বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক বলেন, তার ক্লিনিকের অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে সিজারিয়ান অপারেশন করা হয়েছিল। সেখানে একটি নবজাতকের জন্ম হয় এবং এ-সংক্রান্ত সব প্রমাণ সংরক্ষিত রয়েছে। তার দাবি, ক্লিনিকে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি। এরপরও তাঁকে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। তাঁর সুনাম ক্ষুণ্ন করতে প্রকৃত ঘটনা আড়াল করে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তদন্ত কমিটির প্রতিবেদনেও বিষয়টি প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বগুড়া থেকে উদ্ধার হওয়া নবজাতকটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ করা শিশুটি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit