জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পুষ্টি, খাদ্যনিরাপত্তা এবং নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের উপজেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশারফ হোসেন এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নালসহ স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, কৃষি অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা কার্যালয় ও প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকল্পভুক্ত দুটি পাড়ার ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির (ডব্লিউএমসি) সদস্য, প্রকল্পের উপকারভোগী ও স্থানীয় অংশীজনরা সভায় অংশ নেন।
সভায় প্রকল্পের কার্যক্রম ও অর্জন তুলে ধরে মাটিরাঙ্গা উপজেলা কো-অর্ডিনেটর মো. মঈনুদ্দিন রাজু বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য হলো সমন্বিত পুষ্টি, খাদ্যনিরাপত্তা এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশু এবং তাদের পরিবারের পুষ্টিগত অবস্থার উন্নয়ন, স্বাস্থ্যগত সক্ষমতা বৃদ্ধি ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে প্রকল্পটি কাজ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নারায়ণ ত্রিপুরা বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রকল্প মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও সুফল ধরে রাখতে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশেষ করে শিশু ও মাতৃস্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপদ পানির বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সভা শেষে প্রকল্পভুক্ত দুটি পাড়ার ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির (ডব্লিউএমসি) সদস্য ও প্রকল্পের উপকারভোগীদের হাতে অতিথিরা ৩০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় প্রকল্পের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং অর্জিত সুফল স্থানীয় পর্যায়ে ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ৯:০৫