রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

কূটনৈতিক প্রতিবেদক : বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধান ইস্যুতে আন্তর্জাতিকভাবে চাপ বাড়াতে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে। আজ ১৫ নভেম্বর(২০২৬) রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর তুরস্কে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ ও তুরস্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনের লিডারস সামিটে অংশ নেয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সাসটেইনেবল, রেজিলিয়েন্ট অ্যান্ড ইকুইটেবল ফিউচার’। তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশের কম হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ।

এ কারণে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, অভিযোজন অর্থায়ন বৃদ্ধি, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে এবারের সম্মেলন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল।প্রধানমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের জাতীয় বক্তব্য তুলে ধরেন। এতে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরা হয়।

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে আলোচনা: কপ৩১-এর সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, তুরস্ক, চীন ও উজবেকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের দ্বিপক্ষীয় বৈঠক হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত ও সমন্বিত অংশীদারত্বের পর্যায়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প পার্কে বিনিয়োগের সম্ভাবনা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকটের অর্থায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালত-সংশ্লিষ্ট বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও কার্যকরভাবে কাজ করা এবং এ সংকটের অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্যন্ত গুরুত্ব দেন। তিনি প্রধানমন্ত্রীকে নিজের মূল্যবান ভাই হিসেবে উল্লেখ করেছেন এবং বাংলাদেশের জন্য তাঁর ও তুরস্কের সামর্থ্য অনুযায়ী কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও উজবেকিস্তানের সঙ্গে বৈঠক: 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি খাতের উন্নয়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন অ্যান্থনি আলবানিজ।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভের সঙ্গে বৈঠকে বাংলাদেশের শাসনব্যবস্থায় ইতিবাচক নীতি পরিবর্তনের প্রশংসা করেন তিনি।

একই সঙ্গে দুই দেশের সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশে উজবেকিস্তানের মিশন খোলা, ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান যোগাযোগ চালু এবং ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জলবায়ু অর্থায়নে সহজ প্রবেশাধিকার চায় বাংলাদেশ:

সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বরাদ্দ করা অর্থের স্বচ্ছ ব্যবহার এবং ক্ষতিগ্রস্ত জনগণের কাছে অর্থ পৌঁছানোর বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে জলবায়ু অর্থায়নসহ বিভিন্ন খাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। এর ফলে অনেক ক্ষেত্রে অর্থায়নের সুযোগ থাকলেও তা যথাযথভাবে কাজে লাগানো যায়নি।

তিনি বলেন, বর্তমান সরকার জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। তবে অর্থায়নের প্রক্রিয়া আরও সহজ ও সহজলভ্য করতে হবে। বিভিন্ন তহবিল থেকে অর্থ পেতে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এ সময়ের মধ্যে আরও দুর্যোগ ও ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই জলবায়ু অর্থায়নের প্রক্রিয়া সহজ করা জরুরী।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ এবং আন্তর্জাতিক সহায়তার মধ্যে ব্যবধানের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর ক্ষতিপূরণের দায়িত্ব রয়েছে। বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সঙ্গে উন্নত দেশগুলোর আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি কার্যকর সমাধানে পৌঁছাতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণের দায়িত্ব নিতে হবে। তা না হলে বৈশ্বিক সম্পর্কের মধ্যে ভারসাম্যহীনতা থেকে যাবে। কপ সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং এক সম্মেলন থেকে আরেক সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে ব্যবধান কমানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ

সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিল, ইরান, মালদ্বীপ, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং পাকিস্তান, মলদোভা ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জীবনসঙ্গীদের উচ্চপর্যায়ের বৈঠক ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এ অংশ নেন। সেখানে বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর সমাধান নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি, জলবায়ু অর্থায়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কপ৩১-এ বাংলাদেশের দুটি প্যাভিলিয়ন

সম্মেলন কেন্দ্রের ব্লু জোনে বিভিন্ন সাইড ইভেন্ট আয়োজনের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন স্থাপন করা হয়। অন্যদিকে গ্রিন জোনে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের সম্ভাবনা তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি প্যাভিলিয়ন স্থাপন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্বিক বিবেচনায় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত সফল হয়েছে। এই সফর বিশ্বপরিসরে বাংলাদেশের নতুন অঙ্গীকার ও প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। দীর্ঘদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এই সফরের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও আত্মমর্যাদাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit