খোরশেদ আলম বাবুল শরীয়তপুর জেলা প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমি কেটে পুকুর তৈরীর অভিযোগে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ১৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলার ছয়গাঁও ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশারসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এর পূর্বে তাকে গত বছরের ৩ মার্চ একই অপরাধে জেল ও জরিমানার আওতায় আনা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর বিভিন্ন ধারায় রোকন সরদার (৩৫) ও তাজেল সরদার (২৭) কে তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশা (২০) কে এক মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
দ-প্রাপ্ত রোকন সরদার শরীয়তপুর সদর উপজেলার পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে। তাজেল সরদার ছয়গাঁও গ্রামের রব সরদারের ছেলে। রুহুল আমিন সোহেল ফ্রান্সেগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে। রহিম বাদশা নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
এই বিষয়ে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, তাকে এর পূর্বেও বেশকয়েকবার শতর্ক করে চিঠি দেওয়া হয়েছিল। সে কোন শতর্ক না হয়ে তার অবৈধ কাজ চালিয়ে যায়। আমরা জেলা কমিটি বসে সিদ্ধান্ত নিব যে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়।
ইউএনও আবুবকর সিদ্দিক বলেন, ভেদরগঞ্জ উপজেলার কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে কৃষিজমি কর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১৯