রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া ও ভাঙচুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ :  গোপালগঞ্জে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল এবং ব্যাপক ভাঙচুর চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আট দফা দাবি আদায় এবং দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরজুড়ে এই তাণ্ডব চালানো হয়।

আগামী ১৯ নভেম্বর দলটির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর এবং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকেই সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরবর্তীতে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর একটি বড় মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।

একই সময়ে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সামিউল হক তনু এবং মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম নিয়ে নেতাকর্মীরা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এসে সমবেত হন।

পুরাতন লঞ্চঘাট এলাকায় একাত্মতা ঘোষণার পর হাজার হাজার নেতাকর্মী জাতীয় পতাকা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে শহরের ব্যাংকপাড়ায় যান। সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং আনন্দ-উল্লাস করেন।

এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালান। এ সময় লঞ্চঘাটে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বরের’ নামফলকটিও ভেঙে গুঁড়িয়ে দেন তারা। এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের বর্তমান নাম মুছে দিয়ে সেখানে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।

বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীরা গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ গেট এবং প্রেস ক্লাবের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের পুলিশের সাঁজোয়া যানের (এপিসি) ওপর উঠে স্লোগান দিতে এবং গাড়ির গায়ে দলীয় স্লোগান লিখে দিতে দেখা যায়।
অবরোধের কারণে বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

ঘটনার সময় শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তাদের কোনো সক্রিয় তৎপরতা চোখে পড়েনি। এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit