ডেস্ক নিউজ : স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যাওয়ার পর দেশে ফেরার পথে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ইতোমধ্যে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরের স্থানীয় সময় রবিবার সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এ লক্ষ্যে বিমানবন্দরে আসার পর ড. খন্দকার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আবারও তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়রুল কবির জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে স্ত্রী বিলকিস আকতার ছাড়াও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার রয়েছেন।
কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৫০