স্টাফ রিপোর্টার : দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার ১০ নভেম্বর(২০২৬) বিকেল সাড়ে চারটায় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচএম আবু জাফরের নেতৃত্বে মধুর ক্যান্টিন থেকে, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে টিএসসি থেকে পৃথক দুটি মিছিল বের করে ছাত্রদলের নেতা-কর্মীরা।
মিছিলে নেতাকর্মীরা ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’, ‘আওয়ামী লীগ দেখে যা, রাজপথে তোর বাবারা, ‘ছাত্রলীগ বাড়িস না, পিঠের চামড়া থাকবে না’, ‘সাঈদ, ওয়াসিম, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে? সহ বিভিন্ন স্লোগান দেন।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/দুপুর ১:৪৪