স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল ছাত্র সংসদের নির্বাচিত সহসভাপতি (ভিপি) কুররাতুল আইন কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের ৩৩ জন নারী শিক্ষার্থী।
আজ ১০ নভেম্বর(২০২৬) মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আমন্ত্রণে এই পরিদর্শনে অংশ নেন তারা। সফরকালে নারী শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং দেশের সর্বোচ্চ আইনপ্রণেতাদের কার্যক্রম ও সংসদীয় গণতন্ত্রের নানা দিক সম্পর্কে ধারণা লাভ করেন।
পরিদর্শন শেষে শিক্ষার্থীরা জানান, এই ধরনের শিক্ষামূলক সফর তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং সংসদীয় কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তারা বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে ধন্যবাদ জানান এবং তাদের এই সুন্দর অভ্যর্থনা ও সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংসদের সহসভাপতি (ভিপি) কুররাতুল আইন কানিজ জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্বের আগ্রহ তৈরির জন্যই এই উদ্যোগ। পরবর্তীতে নারী শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক আরো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার ইচ্ছা আছে।”
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/দুপুর ১:২৪