আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যেও এক ধরনের অসঙ্গতি দেখা যাচ্ছে। একদিকে তিনি সামরিক অভিযান আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে বড় ধরনের নতুন হামলার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপাতত বড় ধরনের আরেকটি হামলার পরিকল্পনা নেই। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। তার ভাষায়, ‘প্রয়োজন হলে আমরা পুরোপুরি প্রস্তুত।’
পলিটিকোকে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত সঠিক ছিল। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পেছনে যুদ্ধেরও একটি ভূমিকা ছিল।
তবে ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণ হিসেবে যুদ্ধের চেয়ে জ্বালানি তেলের দামকেই বেশি গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয়, এর কারণ পেট্রলের দাম।’
কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৩০