আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলি ও বিমান হামলায় ১২ বছর বয়সী এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এসব হামলার ঘটনা ঘটে। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘ইসরায়েলের হামলায় আজ বৃহস্পতিবার চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।’
তিনি জানান, মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শিবিরটির কয়েক কিলোমিটার দূরে আল-জাওয়াদা শহরে ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন প্রাণ হারিয়েছেন।
আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই তিনজনকে হাসপাতালে নেওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়েছিল। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক নারী নিহত হয়েছেন।
এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে খান ইউনিসে এক নারী নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
২০২৫ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। অন্যদিকে হামাসের অভিযোগ, ইসরায়েলি বাহিনীই নিয়মিত যুদ্ধবিরতি ভঙ্গ করছে।
সুত্র: এএফপি, আল জাজিরা
কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৬,/সকাল ৫:৩০