স্পোর্টস ডেস্ক : এবিজি ইউনিভার্সিটি কাপে বড় জয়ের দেখা পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ব্র্যাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে তাদের জয় ৬৩ রানে।
আনভীর বসুন্ধরা স্টেডিয়ামে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২৩৭ রান সংগ্রহ করে ড্যাফোডিল। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান করতে পারে ব্র্যাক। ম্যাচসেরা হয়েছেন শাহীন। ৬১ রানের ইনিংস খেলে ড্যাফোডিলের ২০০ উর্ধ্ব দলীয় ইনিংসে অবদান রাখেন তিনি।
আগে ব্যাট করা ড্যাফোডিলের সর্বোচ্চ রান শাহীনের। তাঁর ব্যক্তিগত ৩৫ বলে ৬১ রান ছাড়াও কাজীর ব্যাট থেকে আসে ১৯ বলে ৪৫, তৈমুরের ব্যাট থেকে ২০ বলে ৩৯ এবং প্রিতম ১৩ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। ব্র্যাকের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন ফারদিন। নাফিস, তাহমিয়ান ও অয়ন একটি করে উইকেট পান।
রান তাড়ায় নেমে বেশ ভালোভাবেই এগোয় ব্র্যাক। তবে সময়ের সঙ্গে তাদের রানচাকা ধীরগতির হয়ে যায়। তারপরও জারিফুল ২৪ বলে ৫৩, রোহন ১৫ বলে ২৮, আকাশ ২৫ বলে ২৬ এবং রাফান ১৬ বলে ১৫ করেন। মূলত শাহাদাত ও প্রিতমের বোলিংয়ে ভালোভাবে এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হয় ব্র্যাকের।
কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৬,/রাত ৯:০৩