স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে মাঠের লড়াইয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত তারা। তাদের দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বিভক্তি থাকলেও মাঠের বাইরে দুজনের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের গল্প অনেকেরই অজানা।
সম্প্রতি সেই সম্পর্কের কিছু স্মৃতি সামনে এনেছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেন রোনালদো। সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে ‘দ্য অ্যাথলেটিক’। সেখানে তিনি জানান, ব্যালন ডি’অর অনুষ্ঠানে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটাতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল।
রোনালদোর স্মৃতিচারণ অনুযায়ী, ইংরেজিতে মেসির কিছুটা দুর্বলতা থাকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কয়েকবার তাকে অনুবাদকের ভূমিকাও পালন করতে হয়েছিল। মেসিকে বিভিন্ন প্রশ্ন ও অনুষ্ঠানের কার্যক্রম বুঝিয়ে দিতেন তিনি। বিষয়টি তাদের মধ্যে বেশ মজার মুহূর্ত তৈরি করত বলেও জানান পর্তুগিজ তারকা।
রোনালদো বলেন, প্রায় ১৫ বছর ধরে তারা বিভিন্ন পুরস্কার বিতরণী মঞ্চ ভাগাভাগি করেছেন এবং তাদের সম্পর্ক সব সময়ই ভালো ছিল। কয়েকবার মেসিকে ইংরেজিতে বলা কথার অর্থ বুঝিয়ে দিয়েছেন তিনি। অনুষ্ঠানের উপস্থাপক কী বলছেন, কিংবা পরবর্তী সময়ে কী করতে হবে, সেসব বিষয়েও মেসিকে সহযোগিতা করতেন রোনালদো।
দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা কখনো পারস্পরিক শ্রদ্ধাবোধে বাধা হয়ে দাঁড়ায়নি বলে জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তার ভাষায়, মেসি নিজের ক্লাবের হয়ে সাফল্য পেতে খেলেছেন, আর তিনি লড়েছেন নিজের দলের জন্য। একইভাবে জাতীয় দলের হয়েও দুজন নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন।
নিজেদের ক্যারিয়ারের সেরা সময়ের কথা বলতে গিয়ে রোনালদো জানান, তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল ইতিবাচক। দুজনই বেশি গোল করতে এবং নিজেদের সেরাটা দিতে চাইতেন। তার মতে, এই প্রতিদ্বন্দ্বিতা একে অপরকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করেছে।
রোনালদো তাদের দ্বৈরথকে কিংবদন্তি ফর্মুলা ওয়ান চালক আয়রটন সেনা ও অ্যালেন প্রোস্টের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে তুলনা করেছেন। তার বিশ্বাস, দীর্ঘদিনের এই লড়াই শুধু তাদের নিজেদের উন্নতিতেই ভূমিকা রাখেনি, বরং ফুটবলপ্রেমীদেরও উপহার দিয়েছে এক স্মরণীয় অধ্যায়।
কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:২৮