বিনোদন ডেস্ক : বলিউড তারকা গোবিন্দর সঙ্গে নাম জড়িয়ে সমালোচনার শিকার হওয়ায় এবার কড়া জবাব দিয়েছেন নবাগত অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষ ও তারকাদের এমন প্রকাশ্য চর্চা এবং সমালোচনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে কোমল দাবি করেন, কিছু তারকা অনাহুতভাবে তার চরিত্র ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছেন। তিনি লেখেন, ‘সন্ত্রাসবাদ, রাজনীতি, কোনো অভিনেতার মৃত্যু কিংবা কোনো তারকার একাধিক বিয়ের মতো গুরুতর সব বিষয়ে যাদের কখনো প্রকাশ্যে এত শক্ত মতামত দিতে দেখিনি, তারা আজ হুট করে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? হঠাৎ করে কেন এটি জাতীয় চর্চার বিষয় হয়ে দাঁড়াল যে সবাইকে এতে মতামত দিতেই হবে?’
কোমল লেখেন, ‘আমার সিনেমার নায়কের সঙ্গে গণপতি বাপ্পার চরণে যাওয়া এবং আমাদের আসন্ন সিনেমা ‘রূপা’-র সাফল্যের জন্য প্রার্থনা করা কবে থেকে জাতীয় লজ্জা বা লোকদেখানো বিষয় হয়ে দাঁড়াল? আমরা আমাদের নতুন সিনেমা ‘রূপা’-র ঘোষণা দিয়েছি, কোনো প্রেমের সম্পর্কের ঘোষণা দিইনি। সিনেমার প্রচারের খাতিরে সহ-অভিনেতা ও সহ-অভিনেত্রীদের একসঙ্গে প্রকাশ্যে আসার ঘটনা খুবই স্বাভাবিক।’
ব্যক্তিগত স্বার্থ হাসিল বা আলোচনায় থাকার জন্য অন্যের বিতর্কে নাক গলানো তারকাদেরও তীব্র সমালোচনা করেছেন কোমল। নাম না নিয়ে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, যেসব তারকাদের নিজেদের জনপ্রিয়তা হারিয়ে গেছে, তারা এখন অন্যকে নিয়ে বিতর্ক তৈরি করে টিকে থাকার চেষ্টা করছেন। কড়া ভাষায় সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন, যদি তাকে নিয়ে ক্রমাগত এমন কুৎসিত মন্তব্য করা হতে থাকে, তবে সমালোচকদের নিজেদের অতীতের নানা অজানা অন্ধকার তথ্যও সবার সামনে ফাঁস হয়ে যেতে পারে।
কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৮