বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সালমান খান। কয়েক দশকের অভিনয়জীবনে অসংখ্য সফল সিনেমা, টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা, বিজ্ঞাপন ও ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। বিভিন্ন প্রতিবেদনে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা থেকে ৩ হাজার কোটি টাকা পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
তবে সালমানের শৈশবের দিনগুলো এতটা স্বচ্ছল ছিল না। একসময় স্কুলের ফি জমা দিতে না পারায় শাস্তিও পেতে হয়েছিল তাঁকে। ছোটবেলার সেই ঘটনা একবার নিজেই জানিয়েছিলেন এই অভিনেতা।
চতুর্থ শ্রেণিতে পড়ার সময় স্কুলের ফি জমা না হওয়ায় সলমনকে স্কুলের পতাকাদণ্ডের কাছে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর বাড়ি ফেরার পথে তাঁর বাবা, চিত্রনাট্যকার সেলিম খানের সঙ্গে দেখা হয়।
ছেলেকে ওই অবস্থায় দেখে সেলিম খান কারণ জানতে চান। সালমান জানিয়েছিলেন, তিনি কোনো অপরাধ করেননি। তাহলে কেন তাঁকে সারাদিন দাঁড় করিয়ে রাখা হয়েছে, সেটিও তিনি বুঝতে পারছিলেন না।
পরে ছেলের কথা শুনে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন সেলিম খান। তখন তিনি জানতে পারেন, স্কুলের ফি জমা না দেওয়ার কারণেই সলমনকে ওই শাস্তি দেওয়া হয়েছিল।
সময়ের সঙ্গে বদলে গেছে সেই পরিস্থিতি। যে স্কুলপড়ুয়া একসময় ফি দিতে না পারায় শাস্তি পেয়েছিলেন, তিনিই এখন বলিউডের অন্যতম সফল অভিনেতা। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দবং’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ এবং ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ‘বিগ বস’ সঞ্চালনা, বিজ্ঞাপন ও ব্যবসায়িক কর্মকাণ্ডও তাঁর আয়ের বড় উৎস। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে সলমন খানের সম্পত্তির পরিমাণ প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। কোথাও কোথাও সেই অঙ্ক প্রায় ৩ হাজার কোটি টাকা বলেও দাবি করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৬,/রাত ১০:১৪