মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের সড়কের পাশে ঘাস দিয়ে ঢেকে রাখা রাজা বিশ্বাস (২৮) নামে এক যুবকে লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের বিভিন্ন অংশে শিয়ালে খাওয়া ক্ষতবিক্ষত অবস্থা লক্ষ্য করা গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর তালতলা মাঠে সড়কের পাশ থেকে নিহত যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক রাজা একই ইউনিয়নের পিয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু টানাটানি করতে দেখেন। তিনি কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে তিনি সেখানে ঘাস ও খড় দিয়ে ঢাকা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান। লাশটির মুখ ও শরীরের বিভিন্ন অংশে শিয়ালে ক্ষতবিক্ষত করার দৃশ্য দেখে সানাউল্লাহ চিৎকার দিলে মাঠে কাজ করা আশপাশের অন্য কৃষকরা ঘটনাস্থলে ছুটে যান।
খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তবে লাশটি বিকৃত হওয়ায় সেসময় তার পরিচিয় নিশ্চিত হতে পারেনি কেউ। পরে লাশ শনাক্তে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে তলব করা হলে তারা নিশ্চিত করেন দু’দিন আগে নিখোঁজ হওয়া যুবক রাজার লাশ। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে না পারলেও এটি হত্যাকা- কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ।
নিহত যুবকের লাশ উদ্ধারের বিষয়ে পিয়ারপুর ইউনিয়নের সদস্য জনি জোয়ার্দার জানান, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজা নিখোঁজ হলে পরদিন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজার পিতা ও আমি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। আজ বুধবার তার লাশ উদ্ধার হলো। এমন নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের সঠিক বিচার দাবি করেন তিনি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো।
মরদেহের মুখম-লসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের পর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মাঠের মধ্যে অর্ধগলিত মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সিআইডি টিমের সহযোগিতায় মরদেহটি রাজা নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে এটা হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:২৩