আন্তর্জাতিক ডেস্ক : কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। একই সঙ্গে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সীমা অতিক্রম করেছেন’ বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, ‘আমরা যখন মধ্যস্থতা করছিলাম এবং দোহায় ট্রাম্পের প্রস্তাব এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, তখন ইসরায়েল আমাদের ওপর হামলা চালায়।’কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে এমন হামলার মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে একটি বিপজ্জনক নজির তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
শেখ মোহাম্মদ বলেন, এটি এমন একটি নজির তৈরি করছে, যেখানে মধ্যস্থতাকারীকে আক্রমণ করা হচ্ছে—যা ইতিহাসের কোনো যুদ্ধেই কখনো ঘটেনি। তিনি আরও বলেন, মধ্যস্থতার দায়িত্ব পালনরত একটি দেশের ওপর হামলা কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি ভবিষ্যতে সংঘাত নিরসনের উদ্যোগের ওপরও প্রভাব ফেলতে পারে।
গত বছরের ৯ সেপ্টেম্বরের সেই হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, এটি ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরাইলি অভিযান—অর্থাৎ ইসরাইল নিজেই হামলার সিদ্ধান্ত নেয়, অভিযান পরিচালনা করে এবং এর পুরো দায় নেয়।
নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামলাটিকে ন্যায্য বলে দাবি করেন। তাদের বক্তব্য ছিল, দোহায় থাকা হামাসের শীর্ষ নেতৃত্ব ৭ অক্টোবরের হামলা সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত এবং ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছিল।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:০৪