আন্তর্জাতিক ডেস্ক : দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সন্দেহজনক নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিমানটি একটি জরুরি সংকেত সক্রিয় করার পর সৌদি আরবে অবতরণের জন্য ঘুরিয়ে দেওয়া হয়।
একজন বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি সৌদি আরবে অবতরণ করার পরই পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে জানা সম্ভব হবে। এর আগে ঠিক কী ঘটেছে, তা শতভাগ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে, বিমানটির ভেতরে কী ঘটছে তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে। অবতরণের পর বিমানের কার্গো হোল্ড তল্লাশি করা হবে এবং ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরই আকাশে থাকাকালে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে বিমানটির পাইলট ও অন্যান্য ক্রু সদস্যদের মধ্যে যোগাযোগ নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। সম্ভাব্য জরুরি পরিস্থিতির কারণে ইসরাইলি বিমানবাহিনী সতর্কতা বাড়িয়ে যুদ্ধবিমানও আকাশে পাঠিয়েছে বলে ওয়ালা জানিয়েছে।
ঘটনার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে নিরাপত্তা বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। তবে এখন পর্যন্ত বিমানটিতে ঠিক কী ঘটেছিল কিংবা এটি ছিনতাইয়ের কোনো প্রচেষ্টা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:৪৪