ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
এরআগে সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার।
এ সময় বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, পারস্পরিক স্বার্থ ও দুই দেশের জনগণের কল্যাণে ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করতে বাংলাদেশের অঙ্গীকার রয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে বলে সূত্রে জানা গেছে। তবে সফরের বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:২৮