বিনোদন ডেস্ক : ঢাকায় অবস্থিত মেশিন রিডেবল ভিসার (এমআরভি) কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে অচল রয়েছে। এতে বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে ভিসা ও নো-ভিসা সেবা ব্যাহত হচ্ছে।
সোমবার দিবাগত রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকক ও লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
ব্যাংকক দূতাবাস জানিয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া ও সংশ্লিষ্ট সেবা গ্রহণে সমস্যায় পড়তে পারেন। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে।
সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যেখানে সম্ভব, ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার অনুরোধ করেছে দূতাবাস।
লিসবন দূতাবাসও জানিয়েছে, ঢাকায় থাকা এমআরভির কেন্দ্রীয় সার্ভার অচল থাকায় ভিসা ও নো-ভিসা সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। সার্ভারটি দ্রুত সচল করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে।
কেন্দ্রীয় সার্ভার সচল হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়ার ভিত্তিতে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সেবার বিষয়ে জানানো হবে বলে জানিয়েছে দূতাবাস।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে দুই মিশন।
কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:২০