শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার

সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View
ডেস্ক নিউজ : আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের ‘ধীরে চলো নীতি’ কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরাতে এবং দাপ্তরিক কাজ দ্রুত নিষ্পত্তি করতে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সচিব সভায় তিনি এই নির্দেশনা দেন। ওইদিন সকালে নিয়মিত দাপ্তরিক কাজ শুরু হওয়ার পর উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দারের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে দুপুর আড়াইটায় এই সভা ডাকা হয়েছিল। বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলা এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবেরা উপস্থিত ছিলেন।

বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের কোনো স্তরে কেউ কাজে গতি না বাড়িয়ে আগামী ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কি না, সে বিষয়ে সভায় সরাসরি জানতে চান মন্ত্রিপরিষদ সচিব। তিনি মন্ত্রণালয়গুলো থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব এবং সংশ্লিষ্ট সারসংক্ষেপ (সামারি) অযথা বিলম্ব না করে দ্রুত পাঠানোর তাগিদ দেন।

সভায় চলমান শ্রমিক আন্দোলন ও দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি সাধারণ মানুষের সামনে জোরালোভাবে তুলে ধরার জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে অংশ নেওয়া একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে আলোচনায় উঠে এসেছে। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের সাফল্য ও উন্নয়নের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দেশে-বিদেশে সরকারের প্রতি তৈরি হওয়া সমর্থন ধরে রাখতে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

প্রশাসনের ভেতরে ‘ডিসেম্বর’ প্রসঙ্গটি মূলত সামনে এসেছে শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। এর ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর তার আইনজীবীরা নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

তবে সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দণ্ডিত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, একজন চিহ্নিত অপরাধীকে দেশে ফেরাতে পাসপোর্টের প্রয়োজন হয় না, বরং আইনি প্রক্রিয়ার প্রয়োজন হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়াতেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্টের জন্য করা আবেদনটির সত্যতা ও আইনগত ভিত্তি পররাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় যাচাই করে দেখছে। পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে এরই মধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit