আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইসরাইল। এ জন্য একটি আন্তমন্ত্রণালয় কমিটি এবং বিচার মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে আইনি মামলা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইল চাইলে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-তেও নিতে পারে। ২০২৪ সালে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।
তবে ইসরাইল সরাসরি আইসিসিতে না গিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করতে পারে। এমনকি শেষ পর্যন্ত মামলা না করার সম্ভাবনাও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানকে চাপের মধ্যে রাখার হাতিয়ার হিসেবেও এই আইনি উদ্যোগ ব্যবহার করা হতে পারে।
সম্ভাব্য মামলায় হামাস এবং কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে এরদোগান সরকারের সম্পর্ক নিয়ে ইসরাইলের অভিযোগগুলো গুরুত্ব পেতে পারে। এর মধ্যে তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-এর মধ্যে চলমান শান্তি প্রক্রিয়াও রয়েছে। এর আগে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এরদোগানকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যা দেন নেতানিয়াহু।
জবাবে তুরস্কের এক কর্মকর্তা নেতানিয়াহুর মন্তব্যকে ‘মরিয়া ও ফাঁপা প্রচেষ্টা’ বলে অভিহিত করেন। তার দাবি, এসব মন্তব্যের মাধ্যমে গাজায় ইসরাইলের কর্মকাণ্ড এবং পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ায় চলমান হামলা আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:৫০