জিন্নাতুল ইসলাম জিন্না লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক বলেছেন, কলম একবার বন্ধ হলে দেশের রাজস্ব আয় অর্ধেক হয়ে যাবে এবং রাজস্ব আদায় বন্ধ হলে সরকারি কর্মচারীরা পর্যন্ত বেতন পাবেন না। সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত প্রয়োজনে দলিল লেখকরা না থাকলে মানুষ কার কাছে যাবে?

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রেলওয়ে মুক্তমঞ্চে দলিল লেখক সমিতির ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সদর সাব রেজিস্ট্রি অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দাবি বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুশিয়ারি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক আরও বলেন, আমাদের ৫১৯ গ্রামের দলিল লেখক ভাই ও সাধারণ মানুষগুলো আজ আমাদের সামনে রয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবির কোনো ফলাফল আমরা আনতে পারিনি। আমাদের ফলাফল আনতে হলে বৃহত্তর আন্দোলনে যেতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া হলে আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখের বিভাগীয় সমাবেশের পর কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কলম বিরতিসহ বৃহত্তর ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় লালমনিরহাটে বাংলাদেশ দলিল লেখক সমিতির আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলার পাঁচটি উপজেলার (সদর, হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ ও আদিতমারী) দলিল লেখক সমিতির শত শত দলিল লেখক ও পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সদর দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন,বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ন মহাসচিব ও জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, বাংলাদেশ দলিল লেখক সমিতির ও সাংগঠনিক সম্পাদক, জেলা দলিল লেখক সমিতির মোজাম্মেল হক, জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের,জেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি আশরাফুল আলম, জেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি ও কালীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এটিএম মুসা শামীম, জেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতীবান্ধা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল কাশেম।
সমাবেশটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম লিখন। বক্তারা তাদের ৭ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০০