আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে নতুন হামলা এবং হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। এতে জ্বালানি তেল নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাজার শুরুর পর বাংলাদেশ সময় ভোর ৫টা নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬২ ডলার বা ৩ দশমিক ৪৬ শতাংশ বেড়ে যায়। এতে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ২৩ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ১৫ ডলার বা ৩ দশমিক ১৫ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।
রোববার সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও একটি মসজিদের ভিডিও প্রকাশ করা হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। হুথিরা পাশের একটি প্রদেশে সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবিও করেছে।
এদিকে হরমুজ প্রণালিতে একটি জাহাজে প্রজেক্টাইল আঘাত হানার পর আগুন ধরে যায়। ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, আগুন লাগার পর জাহাজটির ক্রুদের সরিয়ে নেওয়া হয়। ইরান জানিয়েছে, দেশটির উপকূলের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও চারজন ক্রু আহত হয়েছেন।
কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:২২