আন্তর্জাতিক ডেস্ক : ব্রিকস জোটের সদস্য দেশগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার একটি ‘ওপেন-সোর্স এইআই জোন’ তৈরির প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
গতকাল রবিবার নয়া দিল্লিতে ব্রিকস জোটের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন তিনি এ কথা জানান। প্রযুক্তির জগতে পশ্চিমা আধিপত্য মোকাবিলায় এই নতুন বৈশ্বিক উদ্যোগের কথা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন জিনপিং।
চীনা সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, এই প্রকল্পের আওতায় সদস্য দেশগুলোতে বৃহৎ ভাষা মডেল উন্নয়ন ও প্রয়োগে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। মার্কিন প্রতিষ্ঠানগুলো নিজেদের তৈরি প্রযুক্তি গোপন রেখেছে। তবে চীনা প্রতিষ্ঠানগুলো মূলত উন্মুক্ত বা ওপেন-সোর্স পদ্ধতিতে প্রযুক্তি ব্যবহারে বিশ্বাস করে।
শি জিনপিং জানান, এই পদক্ষেপের মাধ্যমে ব্রিকস দেশগুলোর জন্য একটি বিশেষায়িত এআই গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। যার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি উন্মুক্ত ইকোসিস্টেম গড়ে তোলা। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণহীন হওয়ার আগে বৈশ্বিক প্রশাসনিক কাঠামো গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে চীনা প্রেসিডেন্টের। প্রত্যাশা করা হচ্ছে, এআই প্রযুক্তির ওপর বৈশ্বিক নিয়ন্ত্রণ হারানোর প্রেক্ষাপটে তাদের বৈঠকে প্রযুক্তিটির সুরক্ষা ও ব্যবস্থাপনার বিষয়টি প্রাধান্য পাবে।
২০০৯ সালে প্রধান উদীয়মান অর্থনীতির ফোরাম হিসেবে ব্রিকস গঠিত হয়। জোটটিতে শুরু থেকেই চীন, রাশিয়া ও ভারতের মতো বড় শক্তিগুলো অবস্থান করছে। বর্তমানে এই জোটে ১১টি পূর্ণ সদস্য দেশ রয়েছে।
সূত্র: ইউরো নিউজ
কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:১৭