জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় বনফুলের একটি শাখাকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মাটিরাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
জানা যায়, মাটিরাঙ্গা বাজারের বনফুল শাখা থেকে কেনা জাম রঙের মিষ্টি খেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুর নজরে এলে তিনি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানকে।
পরবর্তীতে অভিযান পরিচালনাকালে ভোক্তার কাছে নষ্ট মিষ্টি বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির দায়িত্বশীল ব্যক্তিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার এএসআই মোহাম্মদ কামরুল আলমসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে বনফুল কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে নষ্ট বা নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এদিকে, স্থানীয় ভোক্তারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বাজারে খাদ্যপণ্যের মান, মূল্য ও মেয়াদ সংক্রান্ত বিষয়ে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩