আলমগীর মানিক,রাঙামাটি : নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্রদল। সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির মধ্যদিয়ে নারী শিক্ষার্থীদের মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র পরামর্শক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ছাত্রী হলের প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

শিক্ষকমণ্ডলীর সরাসরি উপস্থিতি, উৎসাহ ও সহযোগিতায় রাবিপ্রবি ছাত্রদলের এ উদ্যোগ আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে বলে আয়োজকরা জানান। রাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের কল্যাণ, প্রয়োজন ও স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ শুধু একটি সামগ্রী বিতরণ কর্মসূচি নয়, বরং ক্যাম্পাসে স্বাস্থ্য সচেতনতা ও নারীবান্ধব পরিবেশ তৈরির অংশ।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজন ও কল্যাণে রাবিপ্রবি ছাত্রদল অতীতেও পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংগঠনটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আয়োজকরা জানান, একটি সুস্থ, নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়েই রাবিপ্রবি ছাত্রদলের এ পথচলা অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০