জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সংস্কার কাজ পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি মডেল মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি মসজিদের চলমান সংস্কার কাজের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও উম্মে তাহমিনা মিতু সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, মডেল মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়; এটি ইসলামিক শিক্ষা, গবেষণা এবং সামাজিক ও নৈতিক সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মসজিদের সংস্কার কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি এর সার্বিক পরিবেশ ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপির প্রতিনিধি, মডেল মসজিদ পরিচালনা কমিটি ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. এরশাদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিদর্শনকালে মডেল মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০