মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে সংবাদ সংগ্রহের সময় লাইভ চলাকালে পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাংবাদিক আসাদুজ্জামান খাইরুল শিকদার আহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানার ভেতরে এ ঘটনা ঘটে। আহত খাইরুল শিকদার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত।
তিনি জানান, আমিনবাজারের বড়দেশী এলাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এর এক সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে সংবাদ সংগ্রহের জন্য তিনি থানায় লাইভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। লাইভ শুরুর প্রায় ৫৫ সেকেন্ডের মাথায় পেছন থেকে একটি প্রিজন ভ্যানের ধাক্কায় তিনি পিঠে আঘাত পান।
তার ভাষ্য, প্রিজন ভ্যানটি তার পিছনে ধাক্কা দেয়। গাড়ি পেছনে নেওয়ার আগে চালকের লুকিং গ্লাস বা মনিটরের মাধ্যমে পেছনে কেউ আছে কিনা, তা নিশ্চিত করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। খাইরুল শিকদার বলেন, আঘাতটি মাথায় লাগলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অসাবধানতাবশত হয়েছে। চালকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, সামনে কুকুর চলে আসায় গাড়ি পেছনে নেওয়ার সময় ওই সাংবাদিকের গায়ে ধাক্কা লাগে। এ ঘটনায় চালক দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান ওসি।
কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:০৩