স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রিকেটপ্রেমীদের চোখ এখন মুম্বাইয়ের বিসিসিআই কার্যালয়ের দিকে। বৃহস্পতিবার বসতে যাওয়া পরিচালনা পর্ষদের এক মহাগুরুত্বপূর্ণ বৈঠকের ওপর নির্ভর করছে ভারতীয় ক্রিকেটের একঝাঁক অভিজ্ঞ তারকার ভবিষ্যৎ।
বিশেষ করে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা নির্বাচকদের ভাবনায় থাকবেন নাকি আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ টানবেন—সেই উত্তর মিলতে পারে এই মিটিংয়েই। তবে বোর্ডের বৈঠকের আগেই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। ইংল্যান্ড সফরে লর্ডস টেস্ট বা ওয়ানডে সিরিজ চলাকালে নাকি আনুষ্ঠানিকভাবে অবসর মেনে নিতেও রাজি হয়ে গিয়েছিলেন রোহিত!
সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালেই রোহিতের অবসর নিয়ে জোর গুঞ্জন ওঠে। এমনকি লর্ডসের ম্যাচটিকেই জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ ধরে নেওয়া হয়েছিল।
রিপোর্ট অনুযায়ী, নির্বাচন কমিটির এক সদস্য রোহিতকে সরাসরি জানিয়ে দেন, তার বিকল্প নিয়ে প্যানেল ইতিমধ্যেই পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। যদিও প্রধান নির্বাচক অজিত আগরকর সরাসরি কিছু বলেননি। লর্ডস ম্যাচের পরই তাকে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানাতে বলা হয়েছিল।
হঠাৎ জুতো ঝুলিয়ে রাখার এই প্রস্তাবে ভেতরে ভেতরে দারুণ ক্ষুব্ধ হয়েছিলেন ভারত অধিনায়ক। তবে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও একপ্রকার অনিচ্ছা সত্ত্বেও শেষটা মেনে নিতে সায় দিয়েছিলেন তিনি। ঘটনার সূত্র ধরে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, ‘রোহিত চরম বিরক্ত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত মেনে নিতে রাজি হয়ে যান।’
তবে ঘটনাটি পরবর্তীতে বেশ জলঘোলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নিজে সংবাদমাধ্যমের সামনে এসে রোহিতের অবসরের গুঞ্জন উড়িয়ে দেন। এর ফলে স্বভাবতই চাপ বাড়ে প্রধান নির্বাচক অজিত আগরকরের ওপর।
অবসরের এই গুঞ্জনের মুখেই লর্ডসের মাঠে ব্যাট হাতে যেন দাবানল জ্বালান রোহিত। খেলে ফেলেন ১৩৮ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি ইনিংস। ব্যাটের জবাব দিয়ে সাময়িকভাবে জল ঢালেন গুঞ্জনে। কিন্তু পিটিআইয়ের দাবি, লর্ডসের ওই চোখধাঁধানো সেঞ্চুরির পরও ২০২৭ বিশ্বকাপে তার জায়গা কোনোভাবেই নিশ্চিত নয়।
বৃহস্পতিবারের সভায় রোহিত ছাড়াও আলোচনার টেবিলে উঠতে পারে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার ভবিষ্যৎ। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় কোহলি ও জাদেজার জায়গা হারানো বা অবসরের সম্ভাবনা একেবারেই কম।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৩২