আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাধারণ মানুষের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার চরম বিরোধিতা করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রকে সরাসরি ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, মার্কিন বাহিনী জেনেশুনে নিরীহ শিশু ও সাধারণ পরিবারগুলোর ওপর বোমা হামলা চালাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গালিবাফ জানান, মার্কিন হামলায় মিনাব শহরের একটি স্কুলের শিশুরা প্রাণ হারিয়েছে, ল্যামার্দে খেলাধুলার জায়গায় হামলা চালিয়ে শিশুদের হত্যা করা হয়েছে এবং কুহেসতাক এলাকায় বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, যারা শয়তানের মতো আচরণ করে এবং সাধারণ মানুষ মারে, তারা আর যাই হোক মানুষ হতে পারে না, তারাই আসল মহাশয়তান। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫০ জনেরও বেশি মানুষ হতাহত হওয়ার পর এই ক্ষোভ ছড়িয়ে পড়ে। বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
এই হামলার কড়া জবাব হিসেবে ইরানও বসে থাকেনি। দেশটির সামরিক বাহিনী জর্ডান, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ফলে দুই দেশের মধ্যকার সংঘাত এখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।
সূত্র: তাসনিম নিউজ।
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১৪