ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্বাসে মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির দুই পক্ষের পালটাপালটি কর্মসূচি স্থগিত হয়েছে। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়ন সমর্থিত উভয় পক্ষই কর্মসূচি ঘিরে বিপুলসংখ্যক নেতাকর্মী ও লাঠিসোঁটা নিয়ে মাঠে নামলে উত্তেজনা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী ও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।
বিএনপির বিভিন্ন সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে কৃষকদের জন্য বরাদ্দ সার-বীজ আত্মসাৎ, সরকারি ধান কেনায় সিন্ডিকেট, পছন্দের ব্যক্তিদের ফ্যামিলি কার্ড প্রদান, আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় এবং মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে আসছেন দলের একাংশ। এসব অভিযোগের প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন সমর্থিতরা রোববার (২৩ আগস্ট) বিকাল ৩টায় মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজার থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় সরকারের ১৮০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে সমাবেশের আয়োজন করে নিতাই রায় চৌধুরী সমর্থিতরা। দুপক্ষের পালটাপালটি কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের জড়ো করার পাশাপাশি লাঠিসোঁটা প্রস্তুতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় শনিবার রাতে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে উভয় পক্ষের কর্মসূচি স্থগিতের নির্দেশ দেওয়া হয়। পরে নিতাই রায় চৌধুরী সমর্থিতরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
তবে রবিউল ইসলাম নয়ন সমর্থিত নেতাকর্মীরা রোববার দুপুরের আগেই মিছিল নিয়ে মহম্মদপুর উপজেলা সদরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ অবস্থায় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ বিকাল ৩টার দিকে মহম্মদপুরে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা ও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া আশ্বাসের বিষয়টি বিক্ষুব্ধ নেতাকর্মীদের অবহিত করলে তারা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পাওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে তথাকথিত সিন্ডিকেটের অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রমে নিরপেক্ষতা বজায় রাখার আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি বিক্ষুব্ধ নেতাকর্মীদের জানালে তারাও আশ্বস্ত হয়ে কর্মসূচি স্থগিত করেন।
কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:৫০