বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন। এর আগে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শিশু খাদ্য উৎপাদনের অভিযোগ এবং তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে ‘সোহেল রানার অনুমতি ছাড়া সাংবাদিক প্রবেশ নয়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পরই কারখানাটিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন বলেন, কারখানাটিতে অভিযান চালিয়ে অনেক অসঙ্গতি পাওয়া গেছে। এসব বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং অসঙ্গতিগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সংশোধনের জন্য সময় চেয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব অসঙ্গতি সংশোধন করা না হলে পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাওয়া বিভিন্ন অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে আশুলিয়া থানার এসআই মো. সুমন মিয়াসহ ইলেকট্রনিক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩