আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের চুরু জেলার একটি সরকারি হাসপাতালে ছাদের একটি অংশ ধসে পড়ে ২৫ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। বুধবার সরকারি দুর্গাদত্ত ফতেহপুরিয়া মাতৃ ও শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, চিকিৎসা নিয়ে হাসপাতালের একটি কক্ষ থেকে বের হয়ে আসার কয়েক মুহূর্তের মধ্যেই ওই নারীর ওপর বারান্দার ছাদ ধসে পড়ে। এতে তিনি আহত হন। আহত নারীর নাম কিরণ মেঘওয়াল। চিকিৎসার জন্য তিনি ওই হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের বারান্দার একটি অংশ তার ওপর ভেঙে পড়ার পর তাকে আবারও চিকিৎসা দেওয়া হয়।
ওই হাসপাতালের অবকাঠামোর দুরবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও কর্তৃপক্ষের দাবি, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ আগে থেকেই নেওয়া হয়েছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে সুজানগড়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পুরুষোত্তম কারওয়া বলেন, মেরামতের বিষয়ে গত ৪ আগস্ট জনকল্যাণ নির্মাণ বিভাগের কাছে লিখিতভাবে জানানো হয়েছিল। পরে বিষয়টি নিয়ে আবারও চিঠি দেওয়া হয়েছে।
এদিকে, হাসপাতালের ছাদ ধসের ঘটনায় রাজস্থান সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলো। কংগ্রেস ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অবকাঠামোগত অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে।
কংগ্রেস নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভির ভিডিও প্রকাশ করে দাবি করেন, রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও বিদ্যালয়ের অবকাঠামো অবহেলার শিকার হচ্ছে। ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টিও। দলটি সিসিটিভির ভিডিও প্রকাশ করে সরকারি স্বাস্থ্যসেবার অবকাঠামো নিয়ে প্রশ্ন তোলে।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৬,/সকাল ১০:০৫