বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে মুরাদপুরের ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার মো. রশীদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দুর্বৃত্তরা আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, মুরাদপুরের ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গুলিবিদ্ধ আজাদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।